সিএএ নিয়ে পিছিয়ে গেল সুপ্রিম শুনানি! সংশয় কি কাটবে? নজরে ৩১ অগাস্ট

সিএএ নিয়ে পিছিয়ে গেল সুপ্রিম শুনানি! সংশয় কি কাটবে? নজরে ৩১ অগাস্ট

#নয়াদিল্লি : নাগরিকত্ব আইন নিয়ে শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সহ ২০০ জনের দায়ের করা মামলার শুনানির কথা ছিল প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি রবীন্দ্র ভাটের বেঞ্চে। যদিও আদালত জানিয়েছে মামলার শুনানি হবে আগামী ৩১ অগাস্ট।

এই মামলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে অসম এবং ত্রিপুরা সরকারকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন শুনানিতে বেশ কয়েকটি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই চ্যালেঞ্জ এর সঙ্গে যুক্ত সমস্ত দিকগুলি একজায়গায় করে একটি তালিকা তৈরি করতে হবে, কেন্দ্রীয় সরকারকে সমস্ত দিক বিবেচনা করে নির্দিষ্ট জবাব দিতে হবে। এর আগে নাগরিকত্ব আইন নিয়ে মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানায়, দেশের বর্তমান কোনও নাগরিকের অধিকার খর্ব করছে না এই সিএএ আইন। বরং সেই অধিকার রক্ষার কাজই করবে এটি। এর পাশাপাশি দাবি করা হয়েছে, এ সার্বভৌম ক্ষমতার বলে সংসদ সিএএ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষমতাকে খর্ব করে আদালতের সামনে এই নিয়ে প্রশ্নোত্তর চালানো উচিত নয়। এতে সংসদের সার্বভৌমত্ত্ব নষ্ট হতে পারে।

আরও বলা হয়, জবাবে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু কারা, সেই বিষয়টি চিহ্নিত করার ক্ষমতা কেন্দ্রের আছে। আর সেই অধিকার বলেই কেন্দ্র এই কাজ করেছে। কেন্দ্র এদিন সিএএ–এর বিরুদ্ধে দায়ের করা একাধিক রিট পিটিশনের পাল্টা প্রাথমিক হলফনামাও জমা করেছে। নাগরিকত্ব আইন নিয়ে রাজনৈতিক চাপানউতোর ব্যাপক হয়। গত আগস্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,২০২৩ সালের প্রথম দিক থেকেই রাজ্যে সিএএ লাগুর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনই আশ্বাস দিয়েছেন’।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েক মাস আগেই উত্তরবঙ্গ সফরে এসে এক জনসভায় বলেছিলেন, সবাই করোনার টিকা পেলেই  সিএএ কার্যকর করার পথে হাঁটবে কেন্দ্র। প্রসঙ্গত, বাংলার প্রায় ৮৩টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। এর মধ্যে একুশের বিধানসভা নির্বাচনে ৫৩টি আসনে জেতে তৃণমূল। ৩০টিতে বিজেপি। রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় ৩৯% মতুয়া প্রভাবিত। কিন্তু, সিএএ আজও চালু হয়নি। এর জেরে মতুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সম্প্রতি, বেসুরো হন বঙ্গে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুরও। গত শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, এখনও পর্যন্ত দেশে এনআরসি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার।  গত বছরের অগস্ট মাসে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, সারা দেশে এনআরসি করার পরিকল্পনা নেই কেন্দ্রের। তবে তিনি জানিয়ে দিয়েছিলেন,নাগরিক আইন ১৯৫৫ অনুযায়ী ২০২১ সালে জনসুমারির প্রথম ধাপের সঙ্গে জাতীয় জনসংখ্যাপঞ্জি সংশোধন করা হবে।

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)