
আমিরুল হক, স্টাফ রিপোর্টার : নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে নারী যাত্রী লাঞ্চিতের ঘটনায় বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনিকে বদলি করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক অফিস থেকে প্রেরিত তার বার্তায় এ নির্দেশ প্রদান করা হয়। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, সৈয়দপুর রেলওয়ে স্টেশনে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে একটি কক্ষে আটকে নারী যাত্রীকে শারিরীকভাবে লাঞ্চিতের ঘটনার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে চলতি মাসের ১০ সেপ্টেম্বর রাতে খুলনাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রয়ে রেল মন্ত্রণালয়ে পরিপত্র অমান্য করে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে বুকিং সহকারী রনির বিরুদ্ধে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী মাহবুব হোসেন জানান, জাতীয় পরিচয়পত্র ছাড়াই বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনি ১০ সেপ্টেম্বর একজন যাত্রীকে খুলনাগামী ৬টি টিকিট প্রদান করে। যা পুরোপুরি বেআইনি। ওই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছিল। যার ফলে ওই সময়ে রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক অফিস ওই বুকিং সহকারীকে শোকজ করেন এবং ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার জানান, নারী যাত্রীকে লাঞ্চিতের ঘটনার প্রেক্ষিতে প্রেরিত তার বার্তায় বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনিকে বদলি করা হয়েছে। ওই বার্তায় শুক্রবারের মধ্যে বুকিং সহকারীকে জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনে যোগদান করার নির্দেশ রয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানান, স্টেশনে টিকিট সংক্রান্ত বিষয়ে লাঞ্চিত ঘটনায় বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনির বিরুদ্ধে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাবেয়া আকতার মুন নামে একজন নারী লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগে অজ্ঞাত রেলওয়ের আরো কয়েকজন কর্মচারী কথা উল্লেখ করা রয়েছে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এমআর
