
৫৬ বছর বয়সে পৌঁছে পঞ্চম বার বিয়ে করেছেন পাকিস্তানের শওকত আলি৷ তার আগের পক্ষের বিয়ে থেকে ইতিমধ্যেই ১০ জন কন্যা এবং ১ পুত্র নিয়ে ভরা সংসার৷ আছে ৪০ জন নাতিনাতনিও৷ ১০ কন্যার মধ্যে ৮ জনের বিয়ের পর এখন তাঁদের ঠিকানা শ্বশুরবাড়িতে৷ ফলে একাকিত্বে ভোগেন মধ্যবয়সি শওকত৷ তাই আগের পক্ষের মেয়েরাই পাত্রী যোগাড় করলেন বাবার জন্য৷ যাতে বাবা আর নিঃসঙ্গ বোধ না করেন৷
পঞ্চম বার বিয়ের পাত্র হওয়া শওকতের কথা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসির শামির কল্যাণে৷ ইউটিউবার ইয়াসিরকে জানিয়েছেন শওকত, যে তাঁর আগের পক্ষের স্ত্রীরা মারা গিয়েছেন৷ ফলে বিবাহিত জীবনে ইতি পড়েছে৷ সমস্যা দূর করতে উদ্যোগী মেয়েরাই৷ অষ্টম মেয়ের বিয়ের দিনই নতুন করে বিবাহিত বন্ধনে আবদ্ধ হলেন শওকত৷ বাবার জন্য যোগ্য পাত্রী খুঁজে আনলেন মেয়েরাই৷
কিন্তু বিয়ের জন্য বয়স কি বেশি হয়ে গেল না? সে সম্ভাবনা নস্যাৎ করে শওকতের দাবি, তিনি হৃদয়ের দিক থেকে চিরতরুণ৷ তাঁর নবতম স্ত্রীও জানিয়েছেন এই বিয়েতে তিনি খুশি৷ বড় সংসারের কর্ত্রী হতে হবে জেনেই বিয়ে করেছেন তিনি৷ প্রসঙ্গত গত বছরই পঞ্চম বিয়ে করেছেন শওকত৷ তার পর এখনও নেটদুনিয়ায় ভাইরাল তিনি৷
