বনগাঁ লোকালে ফের পাথরবাজের হামলা, গুরুতর জখম রেলযাত্রী যুবক

বনগাঁ লোকালে ফের পাথরবাজের হামলা, গুরুতর জখম রেলযাত্রী যুবক

#বারাসত: ফের বনগাঁ-শিয়ালদহ শাখায় চলন্ত ট্রেনে রেলযাত্রীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার ঘটনায় গুরুতর জখম এক যুবক। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থেকে শিয়ালদহগামী একটি ডাউন ট্রেন সংহতি স্টেশন ছাড়ার পড়ে হাবড়ার কাছাকাছি ত্রিশ নম্বর রেলগেট লাগোয়া এলাকায় ট্রেন আসতেই আচমকা চলন্ত ট্রেনে রেললাইন থেকে ছুটে আসে পাথর।

পাথরের আঘাতে গুরুতর জখম হন ট্রেনের গেটের পাশে দাড়িয়ে থাকা চাঁদপাড়ার বাসিন্দা বছর আঠশের পীযুষ সাহা নামের এক যুবক। এরপর ট্রেন হাবড়া প্লাটফর্মে এলে ট্রেনে থাকা অন্যান্য রেলযাত্রীদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় যুবককে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাথরের আঘাতে যুবকের নাকের মধ্যে গভীর ক্ষত এবং অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয়। হাবড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরেই উন্নত চিকিৎসার জন্য যুবককে কলকাতার আরজি কর হাসপাতালে রেফার করা হয়।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকায় এ দিন ঠাকুরনগর থেকে তিনি বনগাঁ-শিয়ালদহগামী ট্রেনে করে কলকাতার দিকে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তখনই ঘটে এই দুর্ঘটনা। তবে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তদন্তে নেমেছে রেল পুলিশের জিআরপি এবং আরপিএফ।

তবে ফের একবার বনগাঁ-শিয়ালদহ শাখায় রেল যাত্রীদের ওপর পাথরের হামলার ঘটনায় রেল যাত্রীদের নিরপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পরে আমরা কথা বলেছিলাম ট্রেনের নিত্যযাত্রীদের সঙ্গে তারা আমাদের ক্যামেরার সামনে ট্রেনে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি যাত্রী পরিষেবা সুনিশ্চিত করার ক্ষেত্রে রেল আধিকারিক এবং রেল প্রশাসনকে আরও সজাগ দৃষ্টি রাখার আবেদন জানিয়েছেন।

(Feed Source: news18.com)