বাংলাদেশঃ চিফ হুইপ থেকে রাঙ্গাকে অব্যাহতি

বাংলাদেশঃ চিফ হুইপ থেকে রাঙ্গাকে অব্যাহতি

সান নিউজ ডেস্ক: বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পার্টির (জাপা) প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) পার্টি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২, উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছিলেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।

সান নিউজ/এমআর