
সান নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুর দিয়ে এক কলেজছাত্রীর গাল কেটে দিয়েছে এক যুবক।
শনিবার (২৯ অক্টোবর) সকালে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে পলাতক রয়েছে জাহিদ হোসেন (১৮) নামে ওই বখাটে।
আহত ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা বলেন, র্দীঘদিন ধরেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল জাহিদ। কিন্তু ওই ছাত্রী এতে রাজি হয়নি। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে কলেজের মূল ফটকে অবস্থান নেন জাহিদ ও তার সহযোগী রাকিব। ওই ছাত্রী কলেজে প্রবেশকালে পথ রোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেন জাহিদ। এতে রাজি না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার গালের বেশ কয়েকটি স্থান কেটে দেন জাহিদ। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এখনো এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা দোষীদের আটক করার চেষ্টা করছি। শুনেছি আহত ওই ছাত্রীর বাবা একজন রিকশাচালক।
সান নিউজ/এমআার
