
#কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে নজরে আদিবাসী ভোট! ঝাড়গ্রামে বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যেতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ নভেম্বর ঝাড়গ্রাম যেতে পারেন মমতা। নবান্নের তরফে ঝাড়গ্রাম জেলা প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
অন্যদিকে, মঙ্গলবার থেকে তিন দিনের নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পর জেলা সফর নদীয়া জেলা দিয়ে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের দোরগোড়ায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। তার আগেই রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই নবান্ন সূত্রে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে কৃষ্ণনগর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজনৈতিক সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল নেত্রী। সেখানে রাজনৈতিক দিক থেকে এই রাজনৈতিক সভা কে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
