চিন ইস্য়ুতে আলোচনা করতেই হবে, সংসদে অনড় বিরোধীরা

চিন ইস্য়ুতে আলোচনা করতেই হবে, সংসদে অনড় বিরোধীরা

#নয়াদিল্লি: চিন ইস্যুতে আলোচনা চাই, তা না হলে সংসদে আলোচনা করতে দেবে না বিরোধী শিবির! হ্যাঁ, এমনই দাবিতে অনড় বিরোধীরা। শুক্রবারও রাজ্যসভায় চিন ইস্যুতে আলোচনার দাবি জানায় কংগ্রেস। যদিও সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওয়াক আউট করে কংগ্রেস।

চিন নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিস দেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মনীশ তিওয়ারি। তাঁর দাবি আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে সভায় বিবৃতি দিতে বলুন চেয়ারম্যান। যদিও সেই দাবি খারিজ হয়ে যায়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে সভা বয়কট করে বিরোধীরা।

এদিকে, রাহুল গান্ধি ‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে সংবাদিক সম্মেলনে বলেন, “চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যদিও আমাদের সরকার তা মানছে না। সরকার ঘটনাটা গোপন করছে।” রাহুলের কথায়, “গত দুই থেকে তিন বছরে আমি এই বিষয়টি দেখছি।”

রাহুল গান্ধি বলেছেন, ভারত সরকার ঘটনার পরিপ্রেক্ষিতে কাজ করে। বর্তমান সরকার কৌশলগত প্রস্তুতি নেয় না বলে অভিযোগ করেন তিনি। রাহুল গান্ধি বলেন, “ঘটনার পরিপ্রেক্ষিতে কাজ করা ভু-কৌশলের কাজে আসে না, তারজন্য শক্তির প্রয়োজন।” কী ঘটে চলেছে, সেটা বোঝা খুব জরুরি বলে মন্তব্য করেন রাহুল। বিদেশমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “মাঝেমধ্যে তাদের বক্তব্য আসে। মাঝেসাজে বিদেশমন্ত্রী বিবৃতি দেন। আমার এটা বলা উচিত নয়, তবে নিজের ভাবনাচিন্তার প্রসার ঘটানো উচিত বিদেশমন্ত্রীর।”

চিন নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে চিন ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শাহ দাবি করেন, সংসদে রাজীব গান্ধি ফাউন্ডেশন সংক্রান্ত প্রশ্ন এড়াতেই এদিন চিনা অনুপ্রবেশ নিয়ে বিশেষ আলোচনা দাবি করেছে কংগ্রেস।

শাহ বলেন, “চিনা দূতাবাসের কাছ থেকে ১ কোটি ৩৫ লক্ষ টাকা পেয়েছে রাজীব গান্ধি ফাউন্ডেশন।” তাঁর দাবি, এই লেনদেন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) আইন অনুযায়ী হয়নি, তাই রাজীব গান্ধি ফাউন্ডেশনের রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে।

শাহের কটাক্ষ, নেহরুর চৈনিক প্রীতির কারণেই রাষ্ট্রপুঞ্জের সুরক্ষা কাউন্সিলে ভারতকে তার স্থায়ী আসন হারতে হয়েছে। তাঁর দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যতদিন ভারতে বিজেপির সরকার রয়েছে, ততদিন, কেউ ভারতের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না। এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি।”

(Feed Source: news18.com)