
#কলকাতা: ভবানীপুরের সুইমিং ক্লাবে শনিবার রাতে আগুন লাগে৷ আর সেই বিধ্বংসী আগুনেই পুড়ে ছাই সুইমিং ক্লাবের একাধিক গাছ৷ প্রাথমিক ভাবে ঘটনাস্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছে বলে খবর৷ পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসুও পৌঁছেছেন৷ প্রায় এক ঘণ্টায় চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে৷
শনিবার রাতের কলকাতায় হঠাৎই ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে আগুন লাগে৷ পাশেই পাড়ার ক্লাব৷ সেখানে বসে কথা বলছিলেন পাড়ার কয়েকজন৷ তাঁরা প্রথম আগুন দেখতে পান৷ ক্লাবের যে কাঠামোয় মূলত আগুন লাগে, সেটি তৈরি বাঁশ ও কাঠের৷ সেটিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত৷ সেই কাঠামো পুড়ে ছারখার হয়ে যায়৷ ভেঙে পড়ে টিনের ছাদ৷ এ ছাড়া পাশের বেশ কয়েকটি ঘরের ভিতরের জিনিসও আগুনে পুড়ে যায়৷
রাত এগারোটা কুড়ি নাগাদ আগুন নিভে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আগেই এসে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ তিনি বলেন, ‘‘আমরা ১০.১৫ নাগাদ আগুনের খবর পাই৷ দ্রুততার সঙ্গে দমকলের কর্মীরা এসে উপস্থিত হন৷ তাঁরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করেন৷ এখন আগুন নিয়ন্ত্রণে৷ আপাতত এলাকা হিটেড হয়ে গিয়েছে৷ সেই কারণে দমকলকর্মীরা কাজ করছেন৷ কোথাও কোনও পকেট ফায়ার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷’’
এখনও আগুন লেগে যাওয়ার কারণ স্পষ্ট নয়৷ আপাতত সেই কারণ খোঁজার চেষ্টা চলছে৷ তদন্ত শুরু করেছে দমকল৷
