
সান নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে অটোভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শুকনাল বাসফোর (৫০), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা (৪৫)।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন-চারজন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।
সান নিউজ/এনকে
