
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: মাস্ক পরা ছেড়ে দিয়েছেন? প্রিকশানারি ডোজ নেননি? আবারও কিন্তু করোনা নিয়ে হেলাফেলার দিন শেষ। চিন-আমেরিকায় করোনার বাড়বাড়ন্তে নতুন করে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে প্রশাসনের কপালে। পরিস্থিতি এতটাই গুরুতর যে বুধবার সকাল সকালে আধিকারিক এবং বিশেষজ্ঞদের নিয়ে তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৈঠক শেষে দিলেন একগুচ্ছ নির্দেশ।
বাস, ট্রেন, অফিস, বাজার। যে সমস্ত জায়গায় ভিড় বেশি হওয়ার সম্ভাবনা, সেখানে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যাঁরা এখনও বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত প্রিকশনারি ডোজ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে ফের সতর্কতা অবলম্বন করার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের।
এদিন আইসিএমআর, নীতি আয়োগ-সহ অন্যান্য মন্ত্রক ও দফতরের উচ্চপর্যায়ের আধিকারিকদের নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৈঠকের পরে নীতি আয়োগের সদস্য ভি কে পল জানান, এদিনের বৈঠকে সমস্ত রাজ্যকে কোভিড আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ভ্যারিয়্যান্ট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে ফের প্রতি সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠক হবে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানায়, ” হঠাৎ করেই জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল, চিন-এ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া যথেষ্ট উদ্বেগের। চিনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে হবে, এতে করোনার প্রজাতি ট্র্যাক করা সম্ভব ভারতের SARS-CoV-2 Genomics Consortium (INSACOG) নেটওয়ার্কের মাধ্যমে। এতে বোঝা যাবে ভারতে নতুন কোনও করোনা প্রজাতি এসেছে কী না। যদি জিনোম সিকোয়েন্সিং-এ নতুন কোনও প্রজাতি ধরা পরে, তবে শীঘ্র পদক্ষেপ সম্ভব হবে।”
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ অ্যাডিশনাল চিফ সেক্রেটরি, প্রিন্সিপাল সেক্রেটরি, প্রতিটা রাজ্য ও ইউনিয়ন টেরিটরির স্বাস্থ্য সচিবদের চিঠি লিখে জানিয়েছেন, বর্তমানে দেশে করোনার যে-প্রজাতি রয়েছে, তার স্বভাববিধির উপরে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজেশ ভূষণ চিঠিতে উল্লেখ করেছেন, ভারত ফাইভ-ফোল্ড- স্ট্র্যাটেজি মেনে করোনা মোকাবিলা করে এসেছে। এই স্ট্র্যাটেজি হল– টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাক্সিনেসন আর কোভিডবিধি মেনে চলা।
বর্তমানে দেশে এক সপ্তাহে ১২০০-র মতো কোভিড পজিটিভ কেস সামনে এসেছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাহুল গান্ধিকেও ভারত জোড়ো যাত্রায় সমস্তরকম বিধি নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
