
#ওয়াশিংটন: সম্প্রতি একটি নতুন ধূমকেতু ২রা ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছ দিয়ে যেতে চলেছে। এই ধূমকেতুটি গত ৫০ হাজার বছরে দেখা যায়নি। তবে আগামী সপ্তাহগুলিতে এটিকে রাতের আকাশে খালি চোখে দেখতে পাওয়া যাবে পৃথিবীর বেশ কয়েকটি জায়গা থেকে।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুটি গত বছরের মার্চ মাসে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটিতে ওয়াইড-ফিল্ড সার্ভে ক্যামেরার মাধ্যমে দেখেছিলেন। এর নাম দেওয়া হয়েছে সি/২০২২ ই৩(ZTF)। সেই সময় এটি বৃহস্পতির কক্ষপথে ছিল এবং তারপর থেকে এর উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে।
নাসার মতে, সি/২০২২ ই৩(ZTF) বর্তমানে অভ্যন্তরীণ সৌরজগতের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহে পৃথিবীর খুব কাছে আসতে পারে। এই ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছে যাবে এবং তারপরে এটি ২রা ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি চলে যাবে।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে কোনও বিপদের সম্ভাবনা নেই। কারণ এটি এই গ্রহ থেকে ২৬৪ লাখ মাইল অর্থাৎ ৪২৫ লাখ কিলোমিটার দূরে থাকবে। এমন ধূমকেতু ৫০ হাজার বছরে একবার দেখা যায়।Space.com এর মতে, এই ধূমকেতুর কক্ষপথের সময়কাল পরিমাপ করা হয়েছিল। এর মানে হল যে ৫০ হাজার বছরে একবার করে এই ধূমকেতু পৃথিবীর খুব কাছে আসে। পরেরবার এটি পৃথিবীর কাছাকাছি আসবে ৫০ হাজার বছর পরে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি যখন পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে তখন রাতের আকাশে এটি খালি চোখে দৃশ্যমান হবে বলে মনে করা হচ্ছে। জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে সকালের আকাশে এটি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ গোলার্ধে বসবাসকারী লোকেরা ফেব্রুয়ারির শুরুতে এই ধূমকেতুটিকে আকাশের মধ্য দিয়ে যেতে দেখতে পারেন। এছাড়াও যখন এটি সূর্যের খুব কাছ দিয়ে যাবে তখন ভার্চুয়াল টেলিস্কোপ প্রকল্পের ওয়েবসাইটে এই ধূমকেতুটি সরাসরি দেখা যাবে।
