
#আগরতলা: বিধানসভা ভোট ঘোষণা আসন্ন। তার আগেই জনজাতি এলাকায় প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার করবুক, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করবুক পশ্চিম পঞ্চায়েত ভবনের সামনে পথসভা ও ১০৫ পরিবারের যোগদান সভা আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মিলটন চাকমা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
পাশাপাশি, এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে ১০৫টি পরিবার সিপিআইএম ত্যাগ করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আমরা আজকে করবুকে একটা সভা করেছি, গত এক মাস আগে আমাদের দলীয় কার্যালয় খোলা হয়েছিল। আমি খুশি হয়েছি যে, আজকে সবার উদ্যোগে ১০৫টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমি সবাইকে দলে স্বাগত জানাচ্ছি এবং আমি আশা করছি যে, আমরা সবাই মিলে করবুকের মানুষের জন্যে আগামীদিনে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে পারবো। আমরা ত্রিপুরার প্রত্যেক ব্লকে সংগঠন তৈরি করেছি, এবং আমরা ত্রিপুরার মানুষের স্বার্থকে সামনে রেখে নির্বাচনে নামবো।”
অন্যদিকে, সোনামুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেলাঘর এলাকায় প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয়৷ সোনামুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেলাঘর বাজার থেকে মেলাঘর মোটর স্ট্যান্ড অবধি এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের পরবর্তী সময়ে মেলাঘর মোটর স্ট্যান্ডের নিকট এক পথসভা আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীল কমল সাহা, সোনামুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিল মিঞা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে মানুষের স্বার্থে কাজ করে চলেছে, আজ মেলাঘরের মিছিল ও পথসভায় জনসাধারণের ঢল ও কর্মীদের উৎসাহ দেখে এটাই প্রমাণিত হলো যে, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের সমর্থন রয়েছে।” পাশাপাশি এদিন পথসভার পরে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের উপস্থিতিতে ২৬টি পরিবারের ১২৬ জন ভোটার বিজেপি এবং সিপিআইএম থেকে দলত্যাগ করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন।
