ফের ‘আজাদি’ স্লোগান! মোদির তথ্যচিত্র ঘিরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা

ফের ‘আজাদি’ স্লোগান! মোদির তথ্যচিত্র ঘিরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা

নয়াদিল্লি: গুজরাত হিংসা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কিত বিতর্কিত তথ্যচিত্র দেখানো নিয়ে এবার ধুন্ধুমার কাণ্ড দিল্লি বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে। তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করতেই ছাত্রছাত্রীদের উপরে চড়াও পুলিশ। পাঁজাকোলা করে পড়ুয়াদের বের করে নিয়ে যাওয়া হল ক্যাম্পাসের বাইরে। আটক কমপক্ষে ২৪ জন ছাত্রছাত্রী। ক্যাম্পাসে ১৪৪ ধারা।

কদিন আগেই এই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনী ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাস। সেই সময় অভিযোগ ওঠে, তথ্যচিত্র প্রদর্শনীর সময়ে ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এখানেই শেষ নয়, যে সমস্ত ছাত্রছাত্রী এই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছিল, তাঁদের লক্ষ্য করে পুলিশ এবং গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যরা ঢিল ছোড়ে বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিন খানিক সেই ঢঙেই ঘটনাক্রম গড়ায় দিল্লি বিশ্ববিদ্য়ালয়ে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্য়ালয়ের কলা বিভাগের সামনে তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেন কংগ্রেসপন্থী ছাত্র সংগঠন NSUI। যদিও স্ক্রিনিং শুরু হওয়ার আগেই উদ্যোক্তা পড়ুয়াদের পাকড়াও করে পুলিশ।

(Feed Source: news18.com)