বাংলাদেশঃ ট্রলারডুবিতে মৃত ১, বরসহ নিখোঁজ ৪

বাংলাদেশঃ ট্রলারডুবিতে মৃত ১, বরসহ নিখোঁজ ৪

জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার দশমিনায় বুড়াগৌরাঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু এবং বর ও বরের মা-সহ চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌপুলিশসহ উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা।

নিখোঁজ বরের নাম রাব্বি হাওলাদার। উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে তিনি।

নিখোঁজ অন্যরা হলেন বরের মা সেলিনা আক্তার (৪০), উত্তর রণগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) ও উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮)।

মৃত নারীর নাম লিপি বেগম (৩০)। তিনি বর রাব্বি হাওলাদারের ফুপু। লিপি বেগম উত্তর রণগোপালদী এলাকার ধলু হাওলাদারের স্ত্রী।

এসব তথ্য নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

বরের স্বজন মঞ্জুর এলাহী জানান, কয়েকদিন আগে রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বর রাব্বি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে আনতে কনের বাড়িতে যান। শুক্রবার নববধূ সুমাইয়াসহ ১৪-১৫ জন আত্মীয়-স্বজনকে নিয়ে চরবোরহান থেকে ট্রলারযোগে বাড়ির ফিরছিলেন।

এসময় তাদের ট্রলার আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ের কবলে পড়ে বুড়াগৌরাঙ্গ নদীতে ডুবে যায়।

নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে জানিয়ে দশমিনা ফায়ার সার্ভিস স্টেশন লিডার আনোয়ার হোসেন বলেন, তবে এখন পর্যন্ত চারজনের কাউকে পাওয়া যায়নি।

আমি ঘটনাস্থলে আছি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন বলেও নিশ্চিত করেন তিনি।

(Feed Source: sunnews24x7.com)