India vs Australia ICC World Test Championship Final: ঠিক যেন আগে থেকে লিখে রাখা চিত্রনাট্যের নিখুঁত উপস্থাপন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ব্যাটারদের পরিকল্পনামাফিক যেভাবে আউট করেন অজি বোলাররা, তা দেখে বলতেই হয় যে, অস্ট্রেলিয়ার পাতা ফাঁদে পা দিয়ে আউট হওয়ার মিছিলে নাম লেখান রোহিত-কোহলিরা।
রোহিত শর্মা পুল শট খেলতে পছন্দ করেন। আইপিএলের হ্যাংওভার কাটার আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামতে হওয়ায় লেগ-স্টাম্পের উপর রাখা বলে পিক-আপ শট খেলার চেষ্টা করতে পারেন হিটম্যান, এটাও জানত অস্ট্রেলিয়া। পায়ের উপর বল রাখলে রোহিত লেগ সাইডে শট খেলতে চাইবেন, এটা বুঝেই হিটম্যানকে ইনসুইং বলে পরাস্ত করার পরিকল্পনা করেন কামিন্সরা। রোহিতকে তাঁর পছন্দমতো লাইনে বল করলেও পুল শট খেলার মতো লেনথে বল রাখেননি কামিন্স। স্বাভাবিকভাবেই ভারত অধিনায়ককে বল ডিফেন্স করার সময়েও দোলাচলতায় দেখায়। গতিতে পরাস্ত হয়ে এলডিব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রোহিত। ছবি- রয়টার্স।শুভমন গিল আগ্রাসী মেজাজে ব্যাট করতে পছন্দ করেন। শরীর থেকে দূরের বলে শট নিতে বিশেষ অসুবিধা হয় না তাঁর। তবে চতুর্থ স্টাম্পের চ্যানেল ধরে বল করে গিলকে থামানো সম্ভব, এটা বুঝতে অসুবিধা হয়নি বোল্যান্ডের। দ্রুত গতিতে বাঁক নেওয়া ইনসুইং ডেলিভারিতে ভুল জাজমেন্ট দিয়ে বোল্ড হন গিল। ছবি- রয়টার্স।সম্ভবত দিনের সব থেকে বড় উইকেটটি তুলে নেন ক্যামেরন গ্রিন। ঠিক গিলকে যেভাবে বোল্ড করেন বোল্যান্ড, চেতেশ্বর পূজারাকে সেই ফর্মুলাতেই সাজঘরে ফেরান গ্রিন। গিলকে ঠকতে দেখেও শিক্ষা নেননি পূজারা। ভিতরে বাঁক নেওয়া বল ছেড়ে দিয়ে বোল্ড হন চেতেশ্বর। আসলে ‘খেলব না ছাড়ব’, পূজারার মনে এমন দ্বন্দ্ব তৈরি করতে সক্ষম হন গ্রিন। ছবি- এএফপি।
কোহলিকে কার্যত আনপ্লেয়েবল বাউন্সারে ঠকান মিচেল স্টার্ক। হঠাৎ করে লাফিয়ে ওঠা বলের লাইন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারেননি বিরাট। বল কোহলির ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে জমা পড়ে। আগের তিনজন ব্যাটসম্যানকে আউট হতে দেখে সুইং সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কোহলি। তাই লাফিয়ে ওঠা বলে চমকে গিয়েই নিজের উইকেট দিয়ে আসেন তিনি। ছবি- এপি। জাদেজা হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন। তিনি দ্রুত অর্ধশতরান পূর্ণ করার চেষ্টা করবেন, এটা বুঝতে অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। পেসারদের সামনে সাবলীল দেখাচ্ছিল জাদেজাকে। তাই কামিন্স আক্রমণে নিয়ে আসেন নাথান লিয়নকে। জাদেজাকে শরীর থেকে দূরে শট খেলতে বাধ্য করেন লিয়ন। ফলে বল জাদেজার ব্যাটের কানা নিয়ে স্মিথের হাতে জমা পড়ে। ছবি- এপি।