
কলকাতা: পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ ভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করে রাজ্যপাল এ রাজ্যের মানুষকে অপমান করেছেন বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যপালকে পদ্মপাল বলেও আক্রমণ করেন মমতা৷
আজই রাজ ভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হয়৷ যদিও এই অনুষ্ঠানের কথা জানতে পেরে গতকালই রাজ্যপালকে চিঠি দিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিষ্ঠা দিবস পালন না করার জন্যও অনুরোধ করেন তিনি৷
যদিও মুখ্যমন্ত্রীর আপত্তি উপেক্ষা করেই এ দিন রাজ ভবনে এই অনুষ্ঠান পালিত হয়৷ এর পরই এ দিন বিকেলে এসএসকেএম হাসপাতালে গিয়ে রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে৷ আমার পশ্চিমবঙ্গে জন্ম, আপনাদেরও তাই৷ কোনওদিন এখানে এসব প্রতিষ্ঠা দিবস পালিত হয়নি৷ রাজ্য সরকার জানবে না, মানুষ জানবে না৷ কংগ্রেস, সিপিএম, কারও আমলে হয়নি৷ এখন বিজেপি বলছে বলেই করতে হবে? আমি কালকেই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পাল না করার জন্য অনুরোধ করে চিঠি দিয়েছিলাম৷ তাও শোনা হয়নি৷ এসব করা মানে বাংলাকে অবমাননা করা৷ বাংলার মানুষকে অসম্মান করা৷’
এর পরেই সরাসরি রাজ্যপালকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যপালের পদ পদ্মপাল হয়ে গিয়েছে৷ যেখানে যেখানে এই প্রতিষ্ঠা দিবস আছে, সেখানে পালন করুক৷ মহারাষ্ট্রে দিবস আছে, সেখানে করুক৷ এখানে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে৷’
যদিও এ দিন প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে রাজভবনের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি জারি করা হয়েছে৷ সেখানে দাবি করা হয়েছে, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালনে আপত্তি জানিয়ে চিঠি এসেছিল রাজ ভবনে৷ আবার ওই একই দিনে পশ্চিমবঙ্গবাসীকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ রাজ ভবনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিমধ্যে পাঁচটি রাজ্যে এই প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ মতোই ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ যদিও রাজ্য সরকারের আপত্তিেক যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যথাযথ জায়গায় রাজ্য সরকারের বক্তব্য পাঠিয়ে দেওয়া হবে বলেও রাজ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে৷
