
বেঙ্গালুরু: স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার সন্দেহে বন্ধুর গলা কেটে রক্তপান করল যুবক৷ পৈশাচিক এই ঘটনা ঘটেছে কর্নাটকের চিক্কাবল্লাপুর এলাকায়৷ ভয়ঙ্কর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে এক প্রত্যক্ষদর্শী৷ পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক বিজয়ের সন্দেহ ছিল তার স্ত্রী প্রেমের সম্পর্কে ছিলেন বন্ধু মারেশের সঙ্গে৷ প্রতিশোধ নেওয়ার ইচ্ছে পূরণ করতে মারেশকে ডেকে পাঠায় বিজয়৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে দু’জনের দেখা হতেই বিতণ্ডা চরমে ওঠে৷ রাগের মাথায় মারেশের গলায় বিজয় ধারাল অস্ত্রের কোপ বসিয়ে দেয় বলে অভিযোগ৷ প্রত্যক্ষদর্শীর মোবাইলের ক্যামেরায় তোলা ভিডিওতে দেখা যাচ্ছে নীচু হয়ে বসে রক্তাক্ত মারেশের গলার কাছে মুখ নিয়ে গিয়ে রক্তপান করছে বিজয়৷ আহত বন্ধুকে চড় ও ঘুষিও মারে সে৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর গ্রেফতার করা হয় বিজয়কে৷ তার নামে কেঞ্চরলাহল্লি থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে৷ আহত মারেশের চিকিৎসা চলছে হাসপাতালে৷
