
কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিবের জন্য নির্দেশিকা জারি। নয়া সচিব হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বর্তমানে তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। আপাতত তিন বছর তিনি সচিবের কাজ সামলাবেন বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ ফাঁকা ছিল। সংসদের ওএসডি সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। আজ স্কুল শিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা জারি করা হল। যদিও এখনও নির্দেশিকা পাননি বলে জানিয়েছেন প্রিয়দর্শিনী মল্লিক।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে বিজেপির তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা এবং কন্যা প্রিয়দর্শিনীর মল্লিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়। বিজেপি-র অভিযোগ ছিল, জ্যোতিপ্রিয় ক্ষমতার অপব্যবহার করে ৫হাজার ১২৯ কোটি টাকার আর্থিক তছরূপ করেছেন।
সেখানে রীতিমতো ব্যাঙ্ক-অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এবং বেশকিছু আয়কর রিটার্ন-এর কাগজপত্র পেশ করা হয়েছিল বিজেপি নেতৃত্বের পক্ষে। তারও আগে বিজেপি নেতারা করোনাভাইরাসের সময় লকডাউনে প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো চাল নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
লকডাউনে প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে গরিবদের যে চাল স্বল্পমূল্যে পাঠানো হয়েছিল তা নিম্নবিত্ত রাজ্যবাসীর হাতে পৌঁছয়নি বলেও অভিযো়গ করেছিলেন তাঁরা। অভিযোগ, খাদ্য দফতরের মন্ত্রী যেভাবে আর্থিক তছরূপ করেছেন, তা অবাক করার মতো। যদিও সেই অভিযোগের সারবত্তা বেশি দূর এগোয়নি।
