এসি ছাড়াই ৯০ মিনিটের যাত্রী, বিমানের ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুলল ইন্ডিগো

এসি ছাড়াই ৯০ মিনিটের যাত্রী, বিমানের ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুলল ইন্ডিগো

মাঝ আকাশে বিকল বিমানের এসি। সেভাবেই চণ্ডীগড় থেকে জয়পুর পর্যন্ত ৯০ মিনিটের যাত্রা করতে হল যাত্রীদের। এই পরিস্থিতিতে ঘেমে একাকার যাত্রীরা। আর তাদের হাতে হাতে টিস্যু পেপার তুলে দেন বিমানসেবিকা। এই ঘটনা সামনে আসতেই কান লাল হয়েছে ইন্ডিগোর। যাত্রাকালে বিমানে এই চরম অব্যবস্থা অকল্পনীয়। আর ডিজিসিএ-কে ট্যাগ করে এই ঘটনার ভিডিয়ো ‘এক্স’ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং। গতকাল তিনি ভিডিয়োটি পোস্ট করেন। যা রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি দাবি করেছেন, যাত্রাকালে ইন্ডিগোর বিমানের এসি খারাপ হয়ে গিয়েছিল। তাঁর ভিডিয়োতেই দেখা গিয়েছে, ঘাম মুছতে বিমানসেবিকারা টিস্যু বিলি করছেন যাত্রীদের। পঞ্জাবের কংগ্রেস নেতা জানান, তিনি নিজেও সেই উড়ানের যাত্রী ছিলেন।

পোস্টে কংগ্রেস নেতা দাবি করেন, টেকঅফ-এর পর থেকে অবতরণ পর্যন্ত এক মুহূর্তের জন্যও বিমানের এসি সচল ছিল না। এর জেরে বিমানে বসে দরদরিয়ে ঘামতে হয়েছিল যাত্রীদের। তাঁর অভিযোগ, বিমান সংস্থার তরফে এই ঘটনা প্রসঙ্গে কোনও বাক্য ব্যয় করা হয়নি। ডিজিসিএ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান কংগ্রেস নেত। তিনি পোস্টে লেখেন, ‘ইন্ডিগোর চণ্ডীগড় থেকে জয়পুরগামী বিমানের এই অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতা ছিল।’ তাঁর পোস্ট করা ভিডিয়োতে দেখা যায়, অনেকে ইন্ডিগোর লিফলেটকে হাতপাখা বানিয়ে নিজেদের হাওয়া দিচ্ছেন।

পরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই নিয়ে মুখ খোলে ইন্ডিগো। সংস্থার তরফে বলা হয়, ‘সম্প্রতি আমাদের বিমানে ভ্রমণের সময় আমাদের গ্রাহকদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আমরা আমাদের গ্রাহকদের স্বাচ্ছন্দ্য এবং সন্তুষ্টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং চণ্ডীগড় থেকে জয়পুর পর্যন্ত ইন্ডিগো ফ্লাইট 6E7261-এ যে অসুবিধার মধ্যে যাত্রীদের পড়তে হয়েছিল, তার জন্য আমরা দুঃখিত। জয়পুরে অবতরণের পরে, বিমানটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা ও সংশোধনের পর বিমানটিকে পরবর্তী ফ্লাইটের জন্য ফের ব্যবহার করা হয়। আমরা আমাদের সমস্ত গ্রাহকদের জন্য নির্বিঘ্ন আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

(Feed Source: hindustantimes.com)