মৃত্যুর আগে বারান্দায় পায়চারি, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যান স্বপ্নদীপ

মৃত্যুর আগে বারান্দায় পায়চারি, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যান স্বপ্নদীপ

কলকাতা: ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। সামনে আসছে নানা প্রশ্ন। গটনায় শুক্রবার রাতে গ্রেফতার করা হয় যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। এফআইআর-এ সৌরভের নাম জানিয়েছিলেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু।

জানা যায়, সৌরভ চৌধুরী-ই স্বপ্নদীপকে মেইন হস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সিনিয়রদের সঙ্গে স্বপ্নদীপের পরিচয় করিয়ে দিয়েছিল সৌরভ-ই। তদন্তে পুলিশ জানতে পারে, মৃত্যুর আগে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট তিন তলার বারান্দায় পায়চারি করেছিলেন স্বপ্নদীপ। হঠাৎ একটি ঘরে দৌড়ে ঢুকে দরজা বন্ধ করার চেষ্টা করেছিলেন তিনি। যখন স্বপ্নদীপের মৃত্যু হয়, সেই সময় হস্টেলের নীচের একটি ঘরে জেনারেল বডির মিটিং চলছিল।

জানা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র সৌরভ। ২০২২ সালে অঙ্ক নিয়ে এমএসসি পাশ করেছিলেন। পুলিশ সূত্রে খবর,  সৌরভের বাড়ি চন্দ্রকোনায়। ছেলের মৃত্যুর ঘটনায় যাদবপুরের হস্টেল বেআইনীভাবে থাকা প্রাক্তনীদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল স্বপ্নদীপের পরিবার। স্বপ্নদীপের বাবার কথায়, তাঁর ছেলে প্রথমে হস্টেলে থাকার সুযোগ পায়নি। সৌরভ-ই হস্টেলে থাকার ব্যবস্থা করে দেয়। সে মেস কমিটির অন্যতম। যাদবপুরের মেন হস্টেলে মনোতোষ নামে এক ছাত্রের  রুমে স্বপ্নদীপের থাকার ব্যবস্থা করে সৌরভ-ই। ওই ঘরে স্বপ্নদীপের রুমমেট ছিলেন কল্লোল ঘোষ নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর। তাঁর এমন ‘অস্বাভাবিক মৃত্যু’ ঘিরে দানা বেঁধেছে রহস্য। চলতি বছরেই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন নদিয়া জেলার হাঁসখালির বগুলা এলাকার বাসিন্দা স্বপ্নদ্বীপ কুণ্ডু। স্বপ্নদ্বীপের ময়নাতদন্তের প্রাথমিক  রিপোর্টে জানা যায়, নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তে মদ্যপানের কোনও প্রমাণ তাঁর শরীরে মেলেনি। মাথার বাঁ দিকের হাড়ে চিড় ছিল । বাঁ দিকের পাঁজরের হাড়ও ভেঙে যায়। ভেঙে গিয়েছিল কোমর। সেই কারণেই অভ্যন্তরীণ আঘাত গুরুতর হয়ে উঠেছিল বলে প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে দাবি করা হয়।

(Feed Source: news18.com)