ত্রিপুরার প্রথম ডেন্টাল কলেজ পরিদর্শন মানিক সাহার, ক্লাস শুরু ১ সেপ্টেম্বর থেকে

ত্রিপুরার প্রথম ডেন্টাল কলেজ পরিদর্শন মানিক সাহার, ক্লাস শুরু ১ সেপ্টেম্বর থেকে

আগরতলা: আগামী ১ সেপ্টেম্বর থেকে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে পঠনপাঠন শুরু হবে। যথাসময়ে যাতে কলেজে ক্লাস শুরু করা যায় এর জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হবে। ইতিমধ্যে ২২-২৩ জন ছাত্রছাত্রী ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে। আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পরিদর্শন করে এই খবর জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

অবশেষে স্বপ্ন বাস্তব হতে চলেছে রাজ্যবাসীর। আশা পূরণ হবে রাজ্যের ছেলেমেয়েদের। মেধা থাকলে এখন থেকে রাজ্যে বসেই ডেন্টাল সার্জন হতে পারবেন কৃতী ছাত্রছাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার ঐকান্তিক প্রয়াসে গড়ে উঠেছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে। আর খুব শীঘ্রই পঠনপাঠন শুরু হবে কলেজটিতে।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছিল এই ডেন্টাল কলেজটির। এর আগেও পরিকাঠামোগত প্রক্রিয়া খতিয়ে দেখতে আইজিএম কমপ্লেক্সে থাকা ডেন্টাল কলেজটি একাধিকবার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডা. সাহা। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে ফের একবার ডেন্টাল কলেজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ডেন্টাল কলেজের বিভিন্ন ব্লকে গিয়ে যাবতীয় খোঁজখবর নেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে  মুখ্যমন্ত্রী জানান, ডেন্টাল কলেজে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত ১ সেপ্টেম্বর থেকে কলেজে পঠনপাঠন শুরু হয়। তবু গোটা বিষয়টিতে নজর রাখতে স্বাস্থ্য দফতরের সচিবকে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে অনুমতি পেলেই ১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা যাবে। এজন্য রাজ্য স্বাস্থ্য দফতর থেকে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ডেন্টাল কলেজে ২২-২৩ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এর মধ্যে অধিকাংশই ত্রিপুরার ছেলেমেয়ে। ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে। কলেজের ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খুব ভাল কাজ হচ্ছে। প্রথমদিকে কিছুটা হয়তো সমস্যা হয়। কিন্তু এত অল্প সময়ের মধ্যে কলেজটি গড়ে তোলা সম্ভব হয়েছে। এজন্য ইঞ্জিনিয়ার থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, অধিকর্তা-সহ পুরো টিমকে ধন্যবাদ জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ”কলেজটি খুবই সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। যা দেশের অন্যান্য কোনও মেডিক্যাল কলেজ থেকে কোনওদিক দিয়ে পিছিয়ে নেই। পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতরের সচিব ডা. দেবাশিস বসু-সহ দফতরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ। এদিন ডেন্টাল কলেজটির সার্বিক পরিকাঠামো ও ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে দু’টি মেডিক্যাল কলেজ ও একটি ডেন্টাল কলেজ রয়েছে। এর মধ্যে ধলাই জেলার আমবাসায় বেসরকারি স্তরে আরও একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নার্সিং কলেজ-সহ একাধিক নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক লক্ষ্য আগামীতে ত্রিপুরাকে মেডিক্যাল হাব হিসেবে গড়ে তোলা। আর সেই লক্ষ্য নিয়েই কাজ করছে রাজ্য সরকার।

(Feed Source: news18.com)