
কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে হস্টেলে র্যাগিং আটকাতে তৎপর। বিশ্ববিদ্যালয় কোনও বহিরাগত এবং প্রাক্তনী কোনও ভাবেই হস্টেল থাকতে পারবেন না। এই মর্মে গতকালই বিশ্ববিদ্যালয়ের তরফে আটটিরও বেশি হোস্টেলে এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত খতিয়ে দেখছে এখনও পর্যন্ত কত সংখ্যক প্রাক্তনী হস্টেলগুলিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় নজরে এসেছে অনেকের হোস্টেলে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকেই সেখানেই থাকছেন।
বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী হোস্টেলের মেয়াদ শেষ হয়ে গেলে কোনও ভাবেই তাঁরা হস্টেলের খাওয়া-দাওয়া পাবেন না। কিন্তু এটাও নজরে এসেছিল অনেকেই সেই সুবিধা পাচ্ছিলেন। শেষমেষ গত কালই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করে নির্দেশিকা দিয়েছে প্রাক্তনীদের অবিলম্বে ছাড়তে হবে হস্টেল।
ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও র্যাগিং-এর অভিযোগ উঠছে। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই ছাত্র বর্তমানে হস্টেলের আবাসিক নয়। তবে ওই ছাত্র থেকে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বেশ কয়েক দফা আলোচনা ও বৈঠক করেছে বলেও দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
পাশাপাশি হস্টেলগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের। রেজিস্টার বুক মেনটেন করে যাতে হোস্টেলে যাতায়াত হয় ভিজিটরদের ক্ষেত্রে, সে বিষয়েও আরও সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে হস্টেল গুলিতে পরিদর্শন ও শুরু হয়েছে।
