কখনও কেউটে, কখনও অজগর! রাস্তায় পা রাখতেই এখন ভয় পাচ্ছেন সকলে

কখনও কেউটে, কখনও অজগর! রাস্তায় পা রাখতেই এখন ভয় পাচ্ছেন সকলে

কোটা: সম্প্রতি রাজস্থানের কোটা শহরে যা ঘটে চলেছে, তাকে আতঙ্কের কারণ বললেও কম কিছু না। কখনও ছাত্রাবাস থেকে উদ্ধার করা হচ্ছে কালকেউটে, আবার কখনও পথ থেকে অজগর ধরে ব্যবস্থা হচ্ছে। সম্প্রতি কোটার রাজস্থান টেকনিক্যাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের, সেখানকার ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়েছে এক কালকেউটে।

জানা গিয়েছে, সেই কালকেউটে খুঁজে পাওয়া গিয়েছে ছাত্রাবাসের আস্তাকুঁড়ে। সাফাইকর্মী রোজকার মতোই এসেছিলেন সকালে ময়লা নিয়ে যেতে। আস্তাকুঁড় থেকে ময়লা তোলার সময়ে তিনি ওই মারাত্মক বিষধর সাপটিকে সেখানে ঘোরাফেরা করতে দেখেন। দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি ঘটনার কথা জানিয়ে ছাত্রদের সতর্ক করে দেন, খবর যায় হস্টেল ই-চার্জের কাছেও। এর পর তাঁরা ডেকে পাঠান স্থানীয় সাপ উদ্ধারকারী গোবিন্দ শর্মাকে। তিনি এসে সাপটিকে আস্তাকুঁড় থেকে বের করে বস্তাবন্দি করেন।

পরের ঘটনাটি সহজসাধ্য ছিল না শর্মার কাছেও। এবার খবর এসেছিল যে রাতে শহরের আরকে পুনম এলাকার পথে দেখা গিয়েছে এক অজগর সাপ। সেই সময়ে শিশুরা খেলছিল, পথে ছিল নানা পশুও। ফলে, অজগরের দেখা পাওয়ার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অজগরটি প্রায় সাত থেকে আট ফুটের, ফলে ভিডিওতে দেখা যাচ্ছে যে সেটিকে বস্তাবন্দি করতে শর্মাকে বেশ বেগ পেতে হয়। এর পরে খবর পাঠানো হয় বন দফতরের কর্মীদের, তাঁরা এসে সাপটিকে নিয়ে যান এবং তাকে আবার জঙ্গলে ফেরত পাঠিয়ে দেন।

(Feed Source: news18.com)