
কলকাতা: এ বার রাজ্যজুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিকে গুণগত মানের বিচারে ‘র্যাঙ্ক’ দেওয়া হবে। আর সেই স্কুলগুলিকে ‘র্যাঙ্ক’ দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ‘স্টেট লেভেল স্কুল অ্যাক্রিডেশন অথরিটি’ হিসাবে ঘোষণা করল রাজ্য। কোন কোন মাপকাঠির উপর নির্ভর করে স্কুল গুলিকে ‘র্যাঙ্ক’ দেওয়া হবে তার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যের।
পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য। কমিটিতে রাখা হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের প্রধান শিক্ষককেও। রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী স্কুলগুলিকে এ বার তাঁদের গুণমান ও পড়াশোনার বিচারে ‘র্যাঙ্ক’ দিতে চায় রাজ্য। তার জন্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর৷
এ ছাড়া আজই ঘোষণা করা হয়েছে, ২০২৪ -২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু নিয়ে রাজ্য সরকার এবার চার সদস্যের কমিটি তৈরি করল। মূলত ২০২৪-এর নভেম্বর মাসে প্রথম সেমিস্টার এবং ২০২৫-এর মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য, ২০২৫ এর নভেম্বর মাসে উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য প্রথম সেমিস্টার এবং ২০২৬ এর মার্চে উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় সেমিস্টার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে নাকি?
তার জন্য চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য। নভেম্বর মাসের মধ্যেই এই কমিটি তাদের রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার প্রস্তাব রাজ্যকে দিয়েছিল। সেই প্রস্তাবকে কী ভাবে কার্যকর করা হবে এবং অন্যান্য বোর্ডের সঙ্গে কী ভাবে মানানসই করা হবে তার জন্যই এই চার সদস্যের কমিটি গঠন করল রাজ্য।
