
চিনের এক কোটিপতি একবারে ব্যাঙ্ক থেকে ৬.৫ কোটি টাকা তুলে নেন। এই নিয়ে ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে মতবিরোধের পরে তাঁদের হাতে টাকা গণনা করার নির্দেশ দিয়েছিলেন ওই ব্যক্তি। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তা কর্মীদের সঙ্গে ওই গ্রাহকের তর্ক হওয়ার পরে তিনি ব্যাঙ্ক কর্মীদের হাতে টাকা গোনার নির্দেশ দেন।
২০২১ সালে সারা বিশ্বজুড়ে কোভিডের আতঙ্কের সময়ে ব্যাঙ্ক অফ সাংহাইয়ের একটি শাখায় ঘটনাটি ঘটেছিল। চিনের সমস্ত সংবাদ মাধ্যমে এই খবর করেছিল। ওয়েইবো এবং দেশের অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আলোচনার বিষয় হয়ে ওঠে এই ঘটনা।
‘সানওয়্যার’ অনুযায়ী, ওই ব্যবহারকারী লিখেছেন যে তিনি খারাপ গ্রাহক পরিষেবা পাওয়ার পরে সিদ্ধান্ত নেন যে ব্যাঙ্ক অফ সাংহাই-এর ওই শাখা থেকে প্রায় পাঁচ মিলিয়ন রেনমিনবি (২০২১ সালে বিশ্বমুদ্রার দর হিসেবে ৭৮৩,০০০ ডলার) তুলে নেবেন। নিরাপত্তা কর্মীদের খারাপ ব্যবহার নিয়েও অভিযোগ করেছেন তিনি।
তারপরে তিনি একদিনের মধ্যে সর্বোচ্চ যতটা সম্ভব টাকা তুলে নেওয়ার পর দশ মিলিয়ন টাকা অন্য ব্যাঙ্কে জমা দেওয়ার পরিকল্পনা করেন।
ওই কোটিপতি আরও জানান যে, হাতে টাকা গুনতে ব্যাঙ্ক কর্মীদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। ওই সময় তোলা ছবিতে দেখা গিয়েছে, ব্যাঙ্কের কর্মীরা বিপুল পরিমাণ নগদ গণনা করছেন। তারপর ওই ব্যক্তি টাকা ভরা স্যুটকেস নিয়ে হেটে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ছবিগুলি মূলত ওয়েইবোতে পোস্ট করা হয়েছে। তবে পরে ট্যুইট এবং রিট্যুইট করা হয়। সম্প্রতি বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটিকে আবারও খবরের শিরোনামে নিয়ে এসেছে।
এদিকে, ব্যাঙ্ক জানিয়েছে যে এই মতবিরোধ ঘটেছে কারণ ওই কোটিপতি কোভিড-১৯ প্রোটোকল অনুসরণ করেননি। চিনা মিডিয়া আউটলেট দ্য পেপারকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, ব্যাঙ্ক অফ সাংহাই বলেছে যে শাখায় প্রবেশ করার সময় লোকটি মাস্ক পরে ছিলেন না। তখনকার প্রটোকল অনুযায়ী, নিরাপত্তা কর্মীরা তাঁকে নিয়ম মানতে বললে তা নিয়ে তর্ক বেঁধে যায়।
কমেন্টে ওই ব্যক্তি দাবি করেন, তিনি মাস্ক আনতে ভুলে গিয়েছিলেন এবং অতিরিক্ত একটি মাস্ক কর্মীদের থেকে চান। তিনি জোর দিয়ে বলেন যে মাস্ক পরতে তিনি অস্বীকার করেননি।
