
কলকাতা: বাবা ইডির হেফাজতে, আর সচিব হিসাবে নির্দেশে প্রথমবার সই করলেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসাবে প্রথম আদেশনামায় স্বাক্ষর করলেন তিনি। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়ার কী সিলেবাস হবে, কী কী পড়তে হবে, তার একটি নির্দেশিকা জারি করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স চলতি শিক্ষাবর্ষে থেকে একাদশ শ্রেনির সিলেবাসের পাঠক্রমে আসবে, তা আগেই সিদ্ধান্ত নিয়েছিল সংসদ। যদিও তার বই বাজারে না থাকায় তা পড়ার যাবতীয় তথ্য আপলোড করল সংসদ। কেমন প্রশ্ন হবে তার, সেই তথ্যও আপলোড করল সংসদ। সেই অর্ডারেই স্বাক্ষর করলেন সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক। সংসদে সচিব হিসেবে কাজের ভার বুঝে নিয়েছেন দু’মাসেরও বেশি হয়ে গেল। আর এ দিন প্রথম সংসদের কোনো নির্দেশিকায় স্বাক্ষর করলেন তিনি।
রেশন দুর্নীতিতে যোগের সন্দেহে আপাতত ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সেই ঘটনা নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে বিপুল আলোড়ন পড়েছে৷ বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে চলেছেন শাসকদলকে৷ তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যাকেও নানারকম প্রশ্নের মুখেও পড়তে হয়েছে৷ তার মধ্যে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
