বাংলাদেশঃ বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাংলাদেশঃ বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় ৫ মাস পর হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরেন তিনি।

এর আগে বুধবার খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে বাসায় যাওয়ার ‘ছাড়পত্র’ দেয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বুধবার জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে ম্যাডামকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় খালেদা জিয়ার চিকিৎসা দেবে মেডিকেল বোর্ড। সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি হন খালেদা জিয়া। ২০২০ সালের মার্চ মাসে সরকারের বিশেষ সিদ্ধান্তে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়।

৭৮ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

(Feed Source: sunnews24x7.com)