
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নেশার কী মারাত্মক টান ! রোগী বেডে বসেছিলেন অক্সিজেন মাস্ক পরে। শ্বাসকষ্টে জেরবার। তাই ভর্তি হয়েছিলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। অসুস্থ একজন মহিলা এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবেন, কে জানত ! হাসপাতালের শয্যায় বসেই খুলে ফেললেন অক্সিজেন মাস্ক । তারপর ধরালেন বিড়ি !
এতে যে শুধু তার নিজের ক্ষতিই হল, তাই নয়, হাসপাতালের অন্যান্য রোগীরাও আরেকটু হলে পড়ছিলেন ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে। ওই বিড়ির আগুন থেকেই আগুন লেগে যায় হাসপাতালের শয্যায়। আর তাতে মুখটাই বীভৎসভাবে জ্বলে যায় রোগিণীর।
উত্তর ২৪ পরগনার হাবড়ার সরকারি হাসপাতালে এই ঘটনা শুনে চোখ কপালে উঠেছে সকলের। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া রোগীর এত নেশার প্রতি টান যে,হাসপাতালের বেডে বসেই ধরিয়ে ফেলেন বিড়ি। ওই রোগীর নাম অরুণা অধিকারী।
রবিবার বেশি রাতে হাবড়া হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ডটি ঘটে । আগুন দেখে ভয়ে চিৎকার শুরু করে দেন অন্য রোগীরা। আরেকটু হলে আগুন ছড়িয়ে পড়তে পারত অন্যান্য বেডেও। চিৎকার শুনে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। ততক্ষণে ওই মহিলার মুখ কার্যত ঝলসে গিয়েছে।
পরদিন ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারাসাত মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়।
(Feed Source: abplive.com)
