শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস শেষ হবে ১১ অগস্ট। তবে তার আগেই ৪ অগস্ট ভারতীয় শুটিং দলের অভিযান কার্যত শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ঘটনাচক্রে এই অলিম্পিক গেমসে এখন পর্যন্ত সবথেকে সফল হয়েছেন ভারতীয় অ্যাথলিটরা এই বিভাগেই। ভারত এখন পর্যন্ত এই অলিম্পিক গেমসে তিনটি পদক পেয়েছে। তিনটিই এসেছে এই বিভাগ থেকে। মনু ভাকের জিতেছেন দুটি মেডেল। স্বপ্নিল কুসালে জিতেছেন একটি মেডেল। সেই শুটিং রেঞ্জে রবিবার ভারতীয় স্কোয়াডে থাকা দুই শুটার বিজয়বীর সাধু এবং আনিশ ভানওয়ালা এদিন তাদের বিভাগে হেরে গেলেন। ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না তারা। আর তারা হেরে যাওয়ার ফলে শুটিং রেঞ্জে থেকে আরও একটি পদক পাওয়ার আশা শেষ হয়ে গেল ভারতের।
এদিন বিজয়বীর সাধু শুরুটা ভালো করেছিলেন। তবে দুই ভারতীয় তারকাই দ্বিতীয় কোয়ালিফিকেশন রাউন্ডে খারাপ পারফরম্যান্স করে পিছিয়ে যান। সেখান থেকে আর তাদের পক্ষে কামব্যাক করা সম্ভব হয়নি। বিজয়বীর দ্বিতীয় রাউন্ডের শুরুটা করেন ১০০ এবং ৯৮ পয়েন্ট করে। কিন্তু শেষ সিরিজে মাত্র ৯২ পয়েন্ট স্কোর করেন তিনি। ফলে কোয়ালিফিকেশন প্রসেসে পিছিয়ে যান তিনি। আনিশ ভানওয়ালা অন্যদিকে ৯৯ এবং ৯৭ দিয়ে শুরু করেন। শেষ শটে তিনি মারেন ৯৩। আর তা মেরেই তিনি ১৩ তম স্থানে প্রতিযোগিতা শেষ করেন। তৃতীয় সিরিজে খারাপ পারফরম্যান্সের কারণে বেরিয়ে গিয়েছেন দুই ভারতীয় শ্যুটার।
এছাড়াও এদিন মাহেশ্বরী চৌহান নেমেছিলেন মেয়েদের স্কিট বিভাগে। সেখানে একেবারেই ভালো পারফরম্যান্স তিনি করতে পারেননি। হেরে গিয়েছেন হিটেই। নিজের ফাইনাল সিরিজে খারাপ শ্যুটিং করে পিছিয়ে গিয়েছেন তিনি। ফাইনাল সিরিজে তিনি স্কোর করেন মাত্র ২২। যা যোগ্যতামানের থেকে অনেকটাই কম ছিল। ফলে ১৪ তম স্থানে শেষ করেছেন তিনি। প্রথম আটে থাকা প্রতিযোগিরা গিয়েছেন ফাইনালে। মোট ১১৮ পয়েন্ট স্কোর করে তিনি আউট হয়ে যান। ফলে স্কিট বিভাগের মেয়েদের ব্যক্তিগত ক্যাটেগরিতে শেষ হয়ে যায় ভারতীয় শ্যুটিংয়ের চ্যালেঞ্জ। মোট ২১ জন প্রতিযোগিকে নিয়ে এবার গিয়েছিল ভারতীয় শ্যুটিং দল। তারা এবারের গেমস থেকে ভারতকে এখন পর্যন্ত এনে দিয়েছেন তিন তিনটি পদক।
(Feed Source: hindustantimes.com)
