
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনখারাপ অরিজিত্ সিংয়ের ফ্যানেদের। সব ঠিকঠাকই চলছিল হঠাত্ই অসুস্থতার ক্ষমা চেয়ে চলতি মাসের সমস্ত কনসার্ট স্থগিত করলেন তিনি। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তাঁর কনসার্ট বাতিলের খবর জানান অরিজিত্ নিজেই। কিন্তু আচমকা কীভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। উদ্বিগ্ন তাঁর ফ্যানেরা।
ইনস্টাগ্রাম পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অপ্রত্যাশিত চিকিৎসা সংক্রান্ত কারণে আগস্ট মাসের কনসার্ট স্থগিত করা হল। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু এটার জন্য আমি অন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। আপনাদের হতাশ করার জন্য দুঃখিত।’
আগামী ১১ আগস্ট ইউকে-তে অরিজিতের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। এটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেপ্টেম্বরে কনসার্টের চারটি তারিখও ঘোষণা করেছেন অরিজিত্। তবে অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে, অবশ্য তা জানা যায়নি। আর সেই থেকেই বাড়ছে ফ্যানেদের চিন্তা।
(Feed Source: zeenews.com)
