আন্দোলনের মধ্যেই অশান্ত RG কর, চলল ‘হামলা’, রক্তাক্ত পুলিশ

আন্দোলনের মধ্যেই অশান্ত RG কর, চলল ‘হামলা’, রক্তাক্ত পুলিশ

কলকাতা: আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল। মাথা ফাটল পুলিশের। রক্তাক্ত কলকাতা পুলিশ। এবিপি আনন্দ এর সাংবাদিকের প্রশ্নের উত্তরে যদিও আক্রান্ত পুলিশের জবাব, একদম চাঙ্গা আছি। ‘কে করেছে ?’ প্রশ্ন করতেই বললেন, ‘দুষ্কৃতীরা..’। ভাঙা হয়েছে চেয়ার, পাখা, টেবিল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের অভিযোগও উঠেছে। ভাঙচুরের পাশাপাশি উল্টে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। পাশাপাশি আক্রান্ত এবিপি আনন্দও।

আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের ‘খুনে’ স্বাধীনতার মধ্য়রাতে প্রতিবাদে নামে রাজ্যজুড়ে মহিলারা । কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ শুরু হয়েছে। শাঁখ-উলুধ্বনী দিয়ে সরব হন মহিলারা। আসানসোল, শিলিগুড়ি মুর্শিদাবাদ, রানিগঞ্জ, ঠাকুরনগর, বাসন্তী, হুগলির চন্দননগর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, রানাঘাটে  প্রতিবাদের মাঝেই পরিস্থিতি বদলায় কলকাতায়। ‘We Want Justice’, মোবাইলে টর্চ জ্বালিয়ে, কোথাও মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানান মহিলারা।এদিন রাত ১২ টা বাজতেই স্বাধীনতা দিবসে সমবেতভাবে জাতীয় সঙ্গীতে গলা মেলান প্রতিবাদী মহিলারা।

আরজি কর হাসপাতালে ঘটনায় প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। সম্প্রতি কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। আছড়ে পড়ে বিক্ষোভের ঢেউ, ওঠে মুর্হুমুহ স্লোগান। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে ‘মেয়েরা রাত দখল করো’। রাতে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করেন মহিলারা।

RG কর-কাণ্ডে গত কয়েকদিনে বিক্ষোভের আঁচ পৌছয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।  ‘আমরা সবাই RG কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রতিবাদে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ ছিল আউটডোর পরিষেবা। বারুইপুর মহকুমা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করায় আউটডোরে লম্বা লাইন পড়ে রোগীদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও বিক্ষোভের আঁচ পৌঁছয়। প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করেন।

(Feed Source: abplive.com)