৪০০ মিটারে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি, হাতছাড়া সোনা, প্যারালিম্পিক্সে ভারতের পদক ১৬

৪০০ মিটারে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি, হাতছাড়া সোনা, প্যারালিম্পিক্সে ভারতের পদক ১৬

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আরও একটি পদক এল। মঙ্গলবার মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি জীবনজি। যা ২০২৪ সালের প্যারালিম্পিক্সে ভারতের ১৬ তম পদক। শুধু তাই নয়, দীপ্তির হাত ধরে প্যারিসে ট্র্যাক-রানিংয়ে তৃতীয় পদক পেল ভারত। দীপ্তির আগে মহিলাদের ১০০ মিটার টি-৩৫ এবং মহিলাদের ২০০ মিটার টি-৩৫ ব্রোঞ্জ জেতেন প্রীতি পাল। মঙ্গলবার তৃতীয় পদক এনে দিলেন দীপ্তি। অথচ তাঁরা যখন প্যারিসে আসেন, তখনও পর্যন্ত প্যারালিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক-রানিংয়ে কখনও কোনও পদক পায়নি ভারত। আর ইতিমধ্যে সেই সংখ্যাটা তিনে পৌঁছে গিয়েছে। সেটা আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে।

৪০০ মিটারের ফাইনাল

মঙ্গলবার ৪০০ মিটারের ফাইনালে সোনা জয়ের ক্ষেত্রে অন্যতম ফেভারিট ছিলেন দীপ্তি। যিনি গত মে’তে জাপানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়েছিলেন। সময় নিয়েছিলেন ৫৫.০৭ সেকেন্ড। যদিও সোমবার হিটে সেই রেকর্ড ভেঙে দেন তুরস্কের আইসেল অন্দার (৫৪.৯৬ সেকেন্ড)। যিনি ফাইনালে দীপ্তির আগে শেষ করে রুপো জেতেন (৫৫.২৩ সেকেন্ড)। শেষের দিকে তুরস্কের অ্যাথলিটের থেকে পিছিয়ে পড়ে ব্রোঞ্জ জেতেন দীপ্তি (৫৫.৮২ সেকেন্ড)। সোনা জিতে নেন ইউক্রেনের ইউলিয়া শুলিয়ার (৫৫.১৬ সেকেন্ড)।

দীপ্তি জীবনজির কেরিয়ারের ইতিবৃত্ত

১) ২০২২ সালের এশিয়ান প্যারা গেমস: সোনা জিতেছিলেন দীপ্তি। গড়েছিলেন গেমস রেকর্ড।

২) ২০২৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ: সোনা জিতেছিলেন। গড়েছিলেন বিশ্বরেকর্ড।

এখন পদক তালিকায় কত নম্বরে আছে ভারত?

দীপ্তির ব্রোঞ্জ জয়ের পরে প্যারিস প্যারালিম্পিক্সে ১৮ তম স্থানে আছে ভারত। জিতেছে তিনটি সোনা, পাঁচটি রুপো এবং আটটি ব্রোঞ্জ। কোন বিভাগ থেকে কতগুলি পদক এসেছে, সেটার পুরো তালিকা দেখে নিন –

১) সবথেকে বেশি ছ’টি পদক এসেছে অ্যাথলেটিক্স থেকে – একটি সোনা, দুটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ।

২) ব্যাডমিন্টনে জিতেছে পাঁচটি পদক – একটি সোনা, দুটি রুপো এবং দুটি ব্রোঞ্জ।

৩) শ্যুটিং থেকে এসেছে চারটি পদক। সেগুলির মধ্যে একটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ আছে।

৪) তিরন্দাজিতে একটি ব্রোঞ্জ পেয়েছে ভারত।

(Feed Source: hindustantimes.com)