ঘরের মধ্যে বৃদ্ধ, মহিলাদের ভিড় লেগেই থাকত, সন্দেহ হতেই পৌঁছয় পুলিশ, তারপর কী ঘটল ?

ঘরের মধ্যে বৃদ্ধ, মহিলাদের ভিড় লেগেই থাকত, সন্দেহ হতেই পৌঁছয় পুলিশ, তারপর কী ঘটল ?

নিখিল আগরওয়াল, মেরঠ: বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল মেরঠের শিবপুরমে। চিকিৎসার আশায় অনেকেই এসেছিলেন। ভেবেছিলেন, ডাক্তারবাবুরা থাকবেন, ওষুধ পাবেন। কিন্তু এসে দেখেন অন্য ‘কাজ’ চলছে! কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে। হাজির হয় পুলিশ। এই ঘটনায় এলাকায় হইচই পড়ে গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আড়ালে সেখানে চলছিল ধর্মান্তকরণের কাজ। চিকিৎসার বদলে চলছিল ধর্মের বই পড়ানো। আরও অভিযোগ, একটি নির্দিষ্ট ধর্ম গ্রহণে উৎসাহ দেওয়া হচ্ছিল উপস্থিত রোগীদের। মেডিক্যাল ক্যাম্পে এহেন কাজকারবার দেখে রোগীদের চোখ কপালে। ধর্মান্তকরণের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকায় উত্তেজনা ছড়ায়।

ধর্মান্তরণের খবর পেয়ে ক্যাম্পে পৌঁছন বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্মীরা। সেখানে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার লোকজনও তাঁদের সঙ্গে যোগ দেন। ক্যাম্পে উপস্থিত ব্যক্তিদের অভিযোগ, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের নামে তাঁদের ডাকা হয়েছিল। কিন্তু এসে দেখেন, বাইবেল পড়িয়ে চিকিৎসার আশ্বাস দেওয়া হচ্ছে।

ধর্মীয় সংগঠনের কর্মীদের সঙ্গে মেডিক্যাল ক্যাম্পের আয়োজকদের বাকবিতণ্ডা বেঁধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধর্মান্তকরণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার এক বাসিন্দার বাড়িতে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছিলেন ভিনীত নামের এক ব্যক্তি। তিনি হিন্দু ছিলেন। বছর দশেক আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তারপর থেকেই ধর্মান্তকরণের কারবার চালাচ্ছেন তিনি। পরতাপুরের শিবপুরমের এই বাড়িতেও গত ৫ বছর ধরে প্রার্থনা সভার আড়ালে এই কাজ করে আসছেন ভিনীত।

মেরঠে গত কয়েক বছরে ধর্মান্তকরণের একাধিক ঘটনা সামনে এসেছে। তবে পুরো কারবারটাই চলছিল গোপনে। এবার তা সামনে এল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধর্মান্তকরণের র‍্যাকেট কারা চালাচ্ছে, টাকা কোথা থেকে আসছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে মেরঠের কঙ্করখেড়া রেলওয়ে রোড ও ব্রক্ষ্মপুরী এলাকা থেকেও এমন ঘটনার খবর সামনে এসেছিল। পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জেলাতেও ধর্মান্তকরণের ঘটনা বাড়ছে। এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।