
Last Updated:
সিডনি টেস্টে বাদ পড়তে পারেন রোহিত শর্মা? এমনই ইঙ্গিত দিলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন, সিডনি টেস্টের প্রথম একাদশে রোহিত শর্মাকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
সিডনি টেস্টে বাদ পড়তে পারেন রোহিত শর্মা? এমনই ইঙ্গিত দিলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন, সিডনি টেস্টের প্রথম একাদশে রোহিত শর্মাকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
বিদেশের মাটিতে খেলতে যাওয়া কোনও দলের অধিনায়ককে টিম থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত বিরল। ক্রিকেট ইতিহাসে খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। রোহিতের কপালে হয়ত তেমনটাই ঘটতে চলেছে। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
সময়টা মোটেই ভাল যাচ্ছে না রোহিতের। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে একপ্রকার ব্যর্থ। বড় রান আসেনি। দায়িত্বজ্ঞানহীন শট খেলে বারবার আউট হচ্ছেন। ক্যাপ্টেন্সিও তথৈবচ। সমালোচকরা তুলোধনা করছেন। নাখুশ ক্রিকেটপ্রেমীরাও।
ESPNcricinfo-এর রিপোর্ট অনুযায়ী, পাঁচ ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র ৩১ রান। গড় ৬.২০। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ট্যুরিং অধিনায়কের সবচেয়ে কম গড়ের রেকর্ড। এমন পরিসংখ্যান দেখে রোহিতের এবার অবসর নেওয়া উচিত বলেও মন্তব্য করে বসেছেন অনেক ক্রিকেট বোদ্ধাও।
গৌতম গম্ভীর অবশ্য এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এমনটাই। বৃহস্পতিবার সিডনির প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন, শেষ টেস্টের প্রথম একাদশে রোহিত থাকবেন কি না সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, “আগামীকাল পিচ দেখে প্রথম একাদশ ঘোষণা করা হবে।”
সিডনি টেস্টের উপর অনেক কিছু নির্ভর করছে। বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এখন ২-১-এ এগিয়ে। সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচ জিততেই হবে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও ঝুলে রয়েছে।
ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে উঠে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল থেকে শুরু হওয়া সিডনি টেস্টে জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার স্বপ্নও শেষ হয়ে যাবে। তখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
একদিকে বার্ডার-গাভাসকর ট্রফি অন্য দিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার ছাড়পত্র। রোহিত, বিরাটদের সামনে এখন মরণ-বাঁচন লড়াই। এই সময়ে রোহিতের ভাগ্য সরু সুতোয় ঝুলছে। শেষ টেস্টের প্রথম একাদশে আদৌ তাঁর জায়গা হবে কি না জানা যাবে ম্যাচের দিন সকালে।
