
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী প্রশান্ত মোতওয়ানি ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ‘মাতা কি চৌকি’খ্যাত টিভি অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমস (Muskaan Nancy James)। শ্বশুরবাড়ির নির্যাতনে জেরবার অভিনেত্রী। গার্হস্থ্য হিংসার অভিযোগে দায়ের করেছে মামলা। সেই মামলাতেই কাঠগড়ায় মুসকানের ননদ অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani), শাশুড়ি জ্যোতি মোতওয়ানি।
জানা যাচ্ছে, গত ১৮ ডিসেম্বর মুম্বইয়ের আম্বলি থানায় ইন্ডিয়ান পেনাল কোড ৪৯৮-এ, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন মুসকান। মামলার নথিতে মুসকান অভিযোগ করেছেন, তাঁর বিয়েতে শাশুড়ি জ্যোতি, ননদ হংসিকা অতিমাত্রায় হস্তক্ষেপ করেছেন। যার ফলে স্বামী প্রশান্তের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে। তাঁর শ্বশুরবাড়ির লোকজন মুসকানের কাছে দামি উপহার, অর্থ দাবির পাশাপাশি সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তা ছাড়া মুসকান গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। মানসিক চাপের ফলে বেলস পালসি রোগে আক্রান্ত হয়েছেন; এতে করে ফেসিয়াল প্যারালাইজড হয়েছে তাঁর, এমনটাই অভিযোগ।
মুসকান ন্যান্সি বলেন, “হ্যাঁ, আমি আমার স্বামী প্রশান্ত, হংসিকা এবং জ্যোতি মোতওয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি আইনি সহায়তা চেয়েছি। এ অবস্থায় এরচেয়ে বেশি কথা বলা বারণ।” প্রসঙ্গত, ২০২১ সালে প্রশান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুসকান। অনেক দিন ধরেই আলাদা থাকছেন তাঁরা। ২০২২ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি বেলস পালসি রোগে আক্রান্ত এবং চিকিৎসা চলছে। এ বিষয়ে তাকে তাঁর বাবা-মা খুব সহযোগিতা করছেন। এবার জানা যায় যে মানসিক চাপের ফলে এই রোগে আক্রান্ত হন তিনি।
(Feed Source: zeenews.com)
