সাধের গাড়িতে জং ধরছে? অ্যান্টি রাস্ট কোটিং লাগানো কি ঠিক?

সাধের গাড়িতে জং ধরছে? অ্যান্টি রাস্ট কোটিং লাগানো কি ঠিক?

Cars- গাড়ির নীচের অংশেই জং বা মরচে বেশি ধরে। কারণ ধুলো, বালি, কাদার উপর দিয়ে যায়। রাস্তার জমা জল লাগে। ফলে ধাতুতে সহজেই মরচে পড়ে যায়।

কলকাতা: গাড়ি নিয়ে অনেকেই খুঁতখুঁতে হন। সবসময় সাবধানে থাকেন, যেন গায়ে আঁচড়টুকুও না লাগে। নিয়মিত দেখভাল করেন। ঝাড়পোঁছ চলে। কিন্তু কোথা থেকে যে জং এসে লাগে, ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না! সব পরিশ্রম মুহূর্তে মাটি।

গাড়ির নীচের অংশেই জং বা মরচে বেশি ধরে। কারণ ধুলো, বালি, কাদার উপর দিয়ে যায়। রাস্তার জমা জল লাগে। ফলে ধাতুতে সহজেই মরচে পড়ে যায়। তাছাড়া আবহাওয়াও বড় কারণ। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে মরচে পড়ার সম্ভাবনাও বেড়ে যায়।

ফোর হুইলার বিশেষজ্ঞরা বলেন, গাড়িতে আন্ডারকোটিং করানো গুরুত্বপূর্ণ। এতে মেরামতের খরচা বাঁচবে। বারবার রঙ করাতে হবে না। কেউ যদি সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে চান, ভাল দামও পাবেন। আন্ডারকোটিং হল সুরক্ষামূলক স্তর। গাড়ির নীচের অংশে লাগানো হয়। এটাই মরচে পড়া আটকায়।

বেশিরভাগ গাড়িতেই এখন আর সাধারণ স্টিল ব্যবহার করা হয় না, অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের মতো মরিচা প্রতিরোধী উপকরণই দেওয়া হয়। কারণ স্টিলে সহজেই মরচে পড়ে। আধুনিক মডেলের গাড়িতে ফ্যাক্টরি থেকেই মরচে প্রতিরোধী কোটিং দিয়ে দেয়।

যে সব গাড়ি জিঙ্ক-আয়রন অ্যালয় ধাতুর অর্থাৎ গ্যালভানাইজড স্টিল দিয়ে তৈরি, সেগুলোতে মরচে প্রতিরোধী কোটিং করানোর দরকার নেই। আধুনিক মডেলের গাড়িগুলিতে অতিরিক্ত অন্ডারকোটিংয়ের প্রয়োজন হয় না বললেই চলে।

রাস্ট প্রুফিং না কি আন্ডারকোটিং: রাস্ট প্রুফিংকে রাস্ট প্রোটেকশনও বলা হয়। যাইহোক, এতে গাড়ির কিছু অংশে মোমের স্তর দেওয়া হয়। বিশেষ করে ফেন্ডার, টেলগেট এবং বডি প্যানেলে। আর আন্ডারকোটিং হল স্প্রে অন পদ্ধতি। গাড়ির নীচে অংশে করা হয়। এতে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়।

গাড়িতে আন্ডারকোটিং করালে সঠিক কোটিং নির্বাচন করা জরুরি। আবহাওয়া, পরিবেশ, গাড়ির ধাতুর ধরন এবং চালক কী ধরণের নিরাপত্তা চান, এই সব কিছুর উপর গোটা বিষয়টা নির্ভর করে। রাবার-ভিত্তিক অন্ডারকোটিং শুকানোর পর নরম হয়ে যায়। সহজে তোলাও যায়। ওয়্যাক্স-ভিত্তিক অন্ডারকোটিং সবচেয়ে কমে হয়। তাড়াতাড়ি করাও যায়। তবে বারবার লাগাতে হয়।

পলিউরিথেন সিলেন্টে পেইন্টের মতো ফিনিশ থাকে। রুক্ষ আবহাওয়ায় ভাল সুরক্ষা দেয়। তেল-ভিত্তিক কোটিং গাড়ির যেখানে খুশি করা যেতে পারে, এমনকী মরচের উপরেও। তবে প্রতি বছর লাগাতে হয়। ডামার-ভিত্তিক অন্ডারকোটিং সাধারণত বড় গাড়ির জন্য ব্যবহৃত হয়, যেমন ট্রাক। খুব গাঢ় হয়। পেশাদারদের কাছেই গাড়ির আন্ডারকোটিং করানো উচিত।