হাওড়ায় বেপরোয়া ‘বাইকের ধাক্কায়’ মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ ‘যুব TMC সভাপতি’ ?

হাওড়ায় বেপরোয়া ‘বাইকের ধাক্কায়’ মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ ‘যুব TMC সভাপতি’ ?

হাওড়া: হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল মহিলা পথচারীর। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে ব্যাঁটরা থানার পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, বাইকে বসেছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অভিজিৎ মণ্ডল। মত্ত অবস্থায় চালক বাইক চালাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। মৃতের নাম অর্চনা দত্ত, তিনি সরকারি আবাসনে থাকতেন। রাতে বাড়ি ফেরার সময় প্রৌঢ়াকে ধাক্কা মারে বাইক। প্রৌঢ়ার মাথায় চোট লাগে, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কিছু দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল বাঁকুড়া। বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে, উল্টে গিয়েছিল পর্যটকবাহি বাস। আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল ইন্দপুরের বাগডিহা এলাকায়। স্থানীয় সূত্রে খবর এসেছিল, কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিল ওই পর্যটকবাহী বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশি আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক। প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে গিয়েছিল। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সম্প্রতি তিন  জেলায় তিনটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ  হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্য়ানের ধাক্কায় মৃত্য়ু হয়েছিল তিনজনের।  উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকাতেও ঘটেছিল একটা মর্মান্তিক ঘটনা।  রাতে ২ যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি ভ্য়ানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নীচে চলে আসেন ২ জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তাঁদের।

(Feed Source: abplive.com)