নারীদিবসে ‘নারী চরিত্র বেজায় জটিল’ বলে মেয়েদের রোষের মুখে অঙ্কুশ!

নারীদিবসে ‘নারী চরিত্র বেজায় জটিল’ বলে মেয়েদের রোষের মুখে অঙ্কুশ!

কলকাতা: ‘নারী চরিত্র বেজায় জটিল’, এই কথাটি বেশ প্রচলিত। আর সেই কথাই যদি কোনও সিনেমার নাম হয়! অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স নিয়ে আসছে নতুন ছবি, ‘নারী চরিত্র বেজায় জটিল’। শনিবার, নারীদিবসের দিনই প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। এই ছবিটির পরিচালনা করেছেন সুমিত সাহিল (Sumit Sahil)। অঙ্কুশ এর আগেও সুমিতের পরিচালনায় কাজ করেছেন। অঙ্কুশের প্রযোজনা সংস্থা থেকে এর আগে মুক্তি পেয়েছিল ‘মির্জা’ ছবিটি। আর এবার আসছে নতুন ছবি, ‘নারী চরিত্র বেজায় জটিল’।

এই ছবির গল্প আবর্তিত হবে ঝন্টু বলে একটি চরিত্রকে নিয়ে। ঝন্টু যথেষ্ট চটপটে ও চৌখস হলেও, তার আশেপাশে থাকা নারীদের সে কিছুতেই বুঝে উঠতে পারে না। এটাই তাঁর জীবনের সমস্যা। কেবল প্রেমিকা নয়, আশেপাশে থাকা যে কোনও মহিলাকেই ঝন্টু সঠিকভাবে বুঝে উঠতে পারে না। তার এই মেয়েদের বোঝার সফর নিয়েই এগিয়ে যাবে গল্প, ‘নারী চরিত্র বেজায় জটিল’। এই ছবিটি নিয়ে অঙ্কুশ বলছেন, ‘আমার সিনেমার সফরে কখনও অ্যাকশন এসেছে, কখনও আবার পারিবারিক গল্প। মজার গল্প। ‘মির্জা’ ছবির হাত ধরে আমরা অ্যাকশনকে নিয়ে এসেছিলাম। আর এবার হাসির ছবির পালা।’ এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও।

প্রসঙ্গত, সদ্য ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কুশকে। ছোটপর্দায় একসঙ্গে আসছেন অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়! জি বাংলায় শুরু হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজন। আর সেখানেই বিচারক হিসেবে থাকছেন অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, বিচারকের আসন সামলানোর পাশাপাশি, সঞ্চালনাও নাকি করবেন অঙ্কুশই। এর আগের সিজনে সঞ্চালকের ভূমিকাতেই দেখা গিয়েছিল অঙ্কুশকে। তবে এবার নাকি বিচারকের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। এছাড়াও এই অনুষ্ঠানে থাকছেন যীশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। সবাইকেই দেখা যাচ্ছে বিচারকের ভূমিকায়।

(Feed Source: abplive.com)