Bangladesh: বদলের বাংলাদেশে হঠাৎ জ্যান্ত আওয়ামী লীগ! ঢাকার রাজপথে বিরাট মিছিল…

Bangladesh: বদলের বাংলাদেশে হঠাৎ জ্যান্ত আওয়ামী লীগ! ঢাকার রাজপথে বিরাট মিছিল…

সেলিম রেজা: বদলের বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। শুক্রবার রাতে ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর ঢাকার মোহাম্মদপুর থানা পুলিসের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী আক্তার (৩৫)। বাকি দুজন হলেন সিরাজুল ইসলাম (৪৫) ও রাজু আহমেদ (৩০)। বাংলাদেশ পুলিসের ঢাকার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুক্রবার রাতে ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করছি, বাংলাদেশে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এতো সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে বাংলাদেশে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদি রেজিমে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।

(Feed Source: zeenews.com)