
মুম্বই: চারটির মধ্যে তিনটিতে হার, চলতি আইপিএলের (IPL 2025) লিগ তালিকায় সাত নম্বরে দল। সময়টা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য় খুব একটা ভাল যাচ্ছে না। এই সময়ে মুম্বই একটি ক্রিকেটারের অভাব যে খুবই বোধ করছে, তা বলাই বাহুল্য। তিনি আর কেউ নন, মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের কারণে চার ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে অবশেষে পল্টন সমর্থকদের মুখে হাসি ফুটল। দলে যোগ দিলেন ‘বুম বুম’ বুমরা।
রবিবাসরীয় সকালে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের জন্য খুশির খবর দেওয়া হয়। দুরন্ত এক ভিডিওয়ের মাধ্যমে যশপ্রীত বুমরার আগমনের কথা জানানো হয়। তারকা বোলার দলে ফেরায় নিঃসন্দেহেই হার্দিক পাণ্ড্যদের স্বস্তি ফিরবে। সোশ্যাল মিডিয়ায় এক বুমরার প্রত্যাবর্তন ঘোষণার ভিডিওর ক্যাপশনে মুম্বই লেখে, ‘গর্জনের জন্য প্রস্তুত’।
𝑹𝑬𝑨𝑫𝒀 𝑻𝑶 𝑹𝑶𝑨𝑹 🦁#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL pic.twitter.com/oXSPWg8MVa
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
বুমরার কামব্যাকের খবর যেমন মুম্বই সমর্থকদের স্বস্তি ফিরিয়েছে, তেমন তাঁর ফেরার খবরের ভিডিওটি এবং তাঁর চিন্তাধারাও নেটিজেনদের মন কেড়েছে। এক মিষ্টি ভিডিওতে দেখা যাচ্ছে এক মা, তাঁর সন্তানকে গল্প শোনাচ্ছে। যেখানে বহু যুদ্ধের ঘোড়া বুমরা কীভাবে শাবক থেকে সিংহ হয়ে উঠেন। আর সঙ্গে সঙ্গে এই বার্তাও দেওয়া হয় যে সেই সিংহ আবার নিজের জঙ্গলে রাজ করার জন্য ফিরে এসেছেন। খুব ভুল না হলে সম্ভবত ভিডিওতে দেখানো মহিলা ও তাঁর সন্তানটি, বুমরার স্ত্রী ও তাঁর ছেলে।
সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের সময়ই মুম্বই অধিনায়ক হার্দিক জানিয়েছিলেন বুমরা শীঘ্রই ফিরবেন। তিনি ফিরলেনও বটে। সেই বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচে পিঠে চোট লাগার পর থেকে মাঠের বাইরেই ছিলেন বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর নাম থাকলেও, সময়ে ফিট হতে না পারায় খেলতে পারেননি সেই টুর্নামেন্ট। নিজেকে ফিট করে তোলার জন্য দীর্ঘদিন বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে কাজ করেছেন, রিহ্যাব সেরেছেন বুমরা। এবার তিনি মাঠে নামতে তৈরি। তবে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু বিরুদ্ধে ম্যাচেই বুমরার দেখা মিলবে কি না, সেই নিয়ে খানিকটা সন্দেহ রয়েছে বৈকি।
আইপিএলের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় খেলবে ভারতীয় দল। তাই সেই কথা মাথায় রেখে বুমরার প্রত্যাবর্তন যে ভারতীয় সমর্থকদের জন্য়ও সুখবর, তা বলাই বাহুল্য।
(Feed Source: abplive.com)
