এটা মোহনবাগান টাইম… মোলিনার দলের সঙ্গে ফার্গুসনের ম্যানইউর অবাক করা মিল!

এটা মোহনবাগান টাইম… মোলিনার দলের সঙ্গে ফার্গুসনের ম্যানইউর অবাক করা মিল!

মোহনবাগানে কি এখন হোসে মোলিনা টাইম চলছে? আসলে চলতি মরশুমে দারুণ ফর্মে রয়েছে মোহনবাগান, লিগ শিল্ড আগেই জিতেছে, এবার আইএসএল ২০২৪-২৫ ফাইনালেও জায়গা করে নিয়েছে হোসে মোলিনার মোহনবাগান। সোমবার ঘরের মাঠে দ্বিতীয় লেগ থেকে ফাইনালে উঠতে অন্তত দু’গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল টানা দু’বারের শিল্ডজয়ীদের। সেই ২-০-র ব্যবধানেই জিতে ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান।

৫০ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে বলে হাত ছুঁইয়ে ফেলেন জামশেদপুরের ডিফেন্ডার প্রণয় হালদার। এই হ্যান্ডবলের ফলে পাওয়া পেনাল্টি থেকে প্রথম গোল পায় মোহনবাগান। অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিন্সের গোলে ১-০ করে হোসে মোলিনার দল। ম্যাচের সংযুক্ত সময়ে অসাধারণ ও বিশ্বমানের গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন আপুইয়া।

এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি মোহনবাগানে হোসে মোলিনা টাইম চলছে? আসলে বেশ কয়েক বছর আগে এই ছবিটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দেখা যেত। ফার্গুসন যখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন, তখন প্রায়ই দেখা যেত ম্যাচের ৯০ মিনিট বা তার পরে গিয়ে গোল হত। মনে করা যাক, ম্যাচটা ড্র-এর দিকে যাচ্ছিল, কিন্তু ৯০+৪ মিনিটে গোল করে ম্যাচটা জিতে যেত ম্যান ইউ।

এই মরশুমে মোহনবাগানের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। একবার নয়, অনেকবার ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পরে গোল করে ম্যাচ জিতেছে মোহনাবাগান। যেমন, কেরালার বিরুদ্ধে ৯০+৪ মিনিটে অ্যালড্রেডের গোল, ওড়িশার বিরুদ্ধে ৯২:৪২ মিনিটে দিমির গোল, আর গতকাল ৯০+৪ মিনিটেই আপুইয়ার গোল। এই কারণেই ভক্তরা বলতে শুরু করেছেন মোহনবাগানে এখন কোচ হোসে মোলিনার টাইম চলছে।

ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে মোহন কোচকে প্রশ্ন করা হয়েছিল, ‘ফার্গুসনের সময় যেমন ‘Fergie Time’ ছিল, এখন কি সেটা ‘Molina’s Time’ হয়ে দাঁড়াচ্ছে?’ এর উত্তরে হোসে মোলিনা বলেন এটা ‘মোহনবাগানের টাইম’ চলছে। এই সময়ে আপুইয়া ও পুরো দলের প্রশংসা করেন তিনি। মোহনবাগান কোচের কথায় যদি এটা মোহনবাগান টাইম হয়ে তাকে তবে ১২ এপ্রিল যুবভারতীতে ISL 2024-25-এর ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে হারেয়ি নতুন ইতিহাস লিখবে সবুজ মেরুন ব্রিগেড।

(Feed Source: hindustantimes.com)