Alipurduar News: হোটেল চালিয়ে উচ্চমাধ‍্যমিকে নজরকাড়া ফলাফল শুভমের

Alipurduar News: হোটেল চালিয়ে উচ্চমাধ‍্যমিকে নজরকাড়া ফলাফল শুভমের

পড়াশুনোর প্রতি অমোঘ টান থাকলে হাজার বাঁধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। এই কথাটি সত্যি হল শুভম গাঙ্গুলির জীবনে। সারাদিন হোটেল সামলে উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফলাফল করে সকলের নজর কাড়ল সে।শুভমের এই সাফল্যে খুশি তার পরিবারের সকলেই।

শুভম  গাঙ্গুলি 

আলিপুরদুয়ার: পড়াশুনোর প্রতি অমোঘ টান থাকলে হাজার বাধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। এই কথাটি সত্যি হল শুভম গঙ্গোপাধ্যায়ের জীবনে। সারাদিন হোটেল সামলে উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফলাফল করে সকলের নজর কাড়ল সে। শুভমের এই সাফল্যে খুশি তার পরিবারের সকলেই।

ভুটান সীমান্তের কাছে অবস্থিত দলসিংপাড়া চা বাগান এলাকায় বাড়ি শুভমের। পড়াশোনা করেছে হাসিমারা হাই স্কুল থেকে। এলাকায় কোনও বাংলা মাধ্যমের স্কুল না থাকায় প্রায় ১৫ কিলোমিটার পথ পেরিয়ে তাকে যেতে হত স্কুলে। হয়তো সবদিন সেটা সম্ভব হত না। কারণ শুভমের মাথার ওপর রয়েছে বড় দায়িত্ব, হোটেল চালানোর। দলসিংপাড়া চা বাগান এলাকায় একটি ছোট হোটেল রয়েছে। শুভম ও তার মা মিলে হোটেলটি চালায়। শুভমের বাবা দু বছর আগে গত হওয়ার পর থেকে সংসার চালানোর চাপ পড়েছে শুভমের ওপর। সারাদিন হোটেল সামলে রাত থেকে ভোর পর্যন্ত পড়াশোনা। তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এল সফলতা।

৮৪% নম্বর সে পেয়েছে।শুভমের এই ফলাফল শুনে খুশি তার পরিবারের সদস্যেরা। ছেলের মধ্যে এতো প্রতিভা রয়েছে তা আগে জানত না তার পরিবার। শুভম বলেন, “আগামীতে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে চাই। অন্যান্য কোর্স করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। পড়াশোনা চালিয়ে যাব, তাতে যত কষ্ট হক না কেন।”

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পরেও শুভমকে দেখা গিয়েছে হোটেলে কাজ করে যেতে। তার পরিবারের সদস্যরা তাঁকে সেখানে এসে অভিনন্দন জানান। শুভমের দিদি প্রিয়াঙ্কা জানান, “ভাই পড়াশুনোর সময় পেত না। ও অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। তাও এত ভাল ফল করবে ভাবতেই পারিনি।”