WATCH Hania Aamir: ‘টু হানা আমির, ফ্রম ইন্ডিয়া’! তৃষ্ণার্ত পরম সুন্দরী পাক নায়িকা, ভারত থেকেই ভক্ত…

WATCH Hania Aamir: ‘টু হানা আমির, ফ্রম ইন্ডিয়া’! তৃষ্ণার্ত পরম সুন্দরী পাক নায়িকা, ভারত থেকেই ভক্ত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) জঙ্গিদের হত্যালীলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। গোট দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারত পাঁচ চরম কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে। যার মধ্যে সর্বাধিক চর্চিত- সাময়িক ভাবে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা (Indus Waters Treaty)! ১৯৬০ সালে ভারত-পাকিস্তানের এই চুক্তি হয়েছিল। এমন আবহে খবরে পরম সুন্দরী পাক অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir)।

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল বলেছেন, ‘আমরা নিশ্চিত করব যেন পাকিস্তানে এক বিন্দু জলও না পায়’। পাকিস্তান যদি জল না পায় তাহলে কী হবে হানিয়ার! তাঁর তৃষ্ণা মেটাতে এবার ভারত থেকেই বড় পদক্ষেপ নিলেন এক পঞ্জাবের ভক্ত। তিনি বোতলবন্দি পানীয় জল বাক্সে ভরে পাকিস্তানে পাঠাচ্ছেন। সেই ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল। হানিয়াকে জলের বোতন পাঠানোর ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই, মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের থেকে। কারোর মতে ভারতীয় ভক্ত ‘ভালো কাজ করেছেন’। কেউ আবার বলছেন, ‘মোটেই সময়োচিত নয় এই কাজ।’পাক ইউটিউবার ও মডেল হানিয়াকে ইনস্টাগ্রামে ১ কোটি ৮০ লক্ষ মানুষ ফলো করেন। তাঁর প্রচুর ফ্যান রয়েছে ভারতে। গত বছর হানিয়া ও ফাহাদ মুস্তাফার রোমান্টিক ড্রামা ওয়েব সিরিজ Kabhi Main Kabhi Tum মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছিল। মিষ্টি মুখের হানিয়ার প্রেমে অনেকেই হাবুডুবু খেয়েছিলেন।

উল্লেখ্য,পহেলগাঁও কাণ্ডের পর প্রথম পাক সেলিব্রিটি হিসেবে প্রতিক্রিয়া দিয়েছিলেন হানিয়া। ইনস্টাগ্রামে আবেগি নায়িকা লিখেছিলেন, ‘যে কোনও জায়গায় ঘটে যাওয়া ট্র্যাজেডি আমাদের জন্য ট্র্যাজেডিই। সাম্প্রতিক ঘটনায় নিরীহ প্রাণগুলি যেভাবে চলে গেল, তা দেখে আমার হৃদয় ভারাক্রান্ত। বেদনায়, শোকে এবং আশায় আমরা এক। যখন কোনও নিরীহ প্রাণ যায়, তখন ব্যথা আমাদের সকলের। আমরা যেখান থেকেই আসি না কেন, শোকের ভাষা একই। আমরা যেন সর্বদা মানবতাই বেছে নিই।’ দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘সর্দার জি ৩’ থেকে হানিয়াকে বাদ দেওয়া হতে পারে বলেই রিপোর্ট। গত মাসে ব্রিটেনে শুটিং শেষ হয়েছে। প্রযোজকরা হানিয়ার দৃশ্যগুলি অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে পুণরায় শুটিং করার কথা বিবেচনা করছেন বলেও খবর। তবে,নির্মাতাদের কাছ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বার্তা আসেনি।

(Feed Source: zeenews.com)