Indian Army on Operation Sindoor: ‘পুলওয়ামার ঘাতক-সহ অপারেশন সিঁদুরে খতম ১০০ জঙ্গি, নিহত ৪০ পাক সেনাও’

Indian Army on Operation Sindoor: ‘পুলওয়ামার ঘাতক-সহ অপারেশন সিঁদুরে খতম ১০০ জঙ্গি, নিহত ৪০ পাক সেনাও’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক জঙ্গিঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতে কতজন জঙ্গি খতম হয়েছে, প্রাণ হারিয়েছে কতজন পাক সেনা? সীমান্তে উত্তেজনা কমার পর দেশের মানুষের জিজ্ঞাসা এখন এটাই। সেই বিষয়টি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই।

সেনার তরফে জানিয়ে দেওয়া হল অপারেশন সিঁদুরে সবেমিলিয়ে খতম হয়েছে ১০০ জঙ্গি। ওইসব জঙ্গিদের মধ্যে রয়েছে পুলওয়ামা হামলা ও কান্দাহার বিমান হাইজ্যাকে জড়িত জঙ্গিরাও। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, মোট ৯ জায়গায় আঘাতে মৃত্যু হয়েছে ১০০ জঙ্গির। এদের মধ্যে রয়েছে ইউসুফ আজহার, আব্দুল মালিক ও মুদাসির আহামেদের মতো জঙ্গি। এরা কান্দাহার বিমান হাইজ্যাক ও পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত ছিল।

ইউসুফ আজাহার হল জইশ প্রধান মাসুদ আজহারের ভাই। কান্দাহার বিমান অপহরণের সঙ্গে সে জড়িত ছিল। ওই অপহরণের ঘটনায় যাত্রীদের ছাড়িয়ে আনতে মাসুদ আজহারকে ছেড়ে দিতে হয় ভারতকে। এই মাসুদ আজহারই কাশ্মীরে জঙ্গিজাল ছড়িয়েছিল। লস্কর ই তৈবার খতরনাক জঙ্গি ছিল আব্দুল রউফ। তার উপরে গ্লোবাল টেররিস্টের তকমা রয়েছে। অন্যদিকে, মুদাসির আহমেদ মুরিদকের মারকাজে তৈবার দায়িত্বে ছিল।

রাজীব ঘাই আরও বলেন, অপারেশন সিঁদুর চালানো হয়েছিল একমাত্র জঙ্গিদের উপরে ও তাদের ঘাঁটিগুলির উপরে আঘাত হানার জন্যই। ভারত কোনওরকম সন্ত্রাসকে সহ্য করবে না। মুরিদকের মতো জঙ্গি শিবির থেকে মুম্বই হামলার জঙ্গি আজমল কাসাভের ট্রেনিং হয়েছিল। ডেভিড কোলম্যান হেডলি ওখান থেকেই ট্রেনিং নিয়েছিল।

এয়ার মার্শাল এ কে ভারতী বলেন,  যে ৯ জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে তার মধ্যে ছিল বাহাওয়ালপুর ও মুরদিকে। দুই শিবিরই পাকিস্তান সীমান্ত থেকে অনেকটাই ভিতরে। অত্যন্ত দক্ষতার সঙ্গে ওই দুই জায়গায় আঘাত হানা হয়েছে এয়ার টু সারফেস গাইডেড মিসাইল থেকে।

রাজীব ঘাই আরও বলেন, অপারেশন সিঁদুর-এ ভারত মোট ৫ জওয়ানকে হারিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের ৩৫-৪০ সেনার মৃত্যু হয়েছে।

(Feed Source: zeenews.com)