
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাপের কামড়ে একজন মহিলারই ২৯ বার মৃত্যু! এরকম শুধু একজন মহিলা নন, ৪৭ জনকে ২৮০ বার ‘মৃত’ ঘোষণা করা হয়েছে সাপের কামড়ে! ভয়ংকর দুর্নীতি মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। টাকার অংকের যার পরিমাণ প্রায় ১১ কোটি ৩০ লাখ টাকা। যাকে বলা হচ্ছে ‘স্নেক-বাইট স্ক্যাম’ (Snake Bite Scam)!
‘স্নেক-বাইট স্ক্যাম’
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সিওনি জেলায় এই দুর্নীতিটি ঘটে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে। এক ব্যক্তিকে একাধিকবার ‘সাপের কামড়ে মৃত’ দেখিয়ে প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে টাকা তোলা হয়। জাল নথি এবং জাল অ্যাকাউন্টের মাধ্যমে এই বিশাল কেলেঙ্কারির ঘটনাটি ঘটে। এক ব্যক্তিকে একাধিকবার ‘সাপের কামড়ে মৃত’ দেখিয়ে জাল নথি এবং জাল অ্যাকাউন্টের মাধ্যমে ১১.২৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
এক মহিলা ২৯ বার মৃত!
পরে রাজস্ব ও হিসাব বিভাগের হাতে ধরা পড়ে এই জালিয়াতি কার্যকলাপ। দেখা যায়, সাপের কামড়, জলে ডুবে ও বজ্রপাতের ফলে ভুয়ো ‘মৃত্যু’ দেখিয়ে ক্ষতিপূরণ হিসেবে প্রতিবার ৪ লক্ষ টাকা করে তোলা হয়েছে। যার বেশিরভাগই অবশ্য সাপের কামড়ে মৃত্যু! দ্বারকা বাঈ নামে এক মহিলাকে ২৯ বার মৃত ঘোষণা করা হয়েছে! তাঁর নামে ১ কোটি ১৬ লাখ টাকা তোলা হয়! একইভাবে শ্রীরামকে বলে আরেকজনকে ২৮ বার ‘মৃত’ ঘোষণা করা হয়েছে! প্রতিবারই ৪ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল।
অভিযুক্ত মোট ৩৭
এই ‘স্নেক-বাইট স্ক্যাম’ (Snake Bite Scam)-এর মূল অভিযুক্ত কেওলারি তহসিল অফিসের সচিন দাহায়াত নামে একজন কেরানি। অভিযোগ, তিনি জাল নথি ব্যবহার করে আত্মীয়স্বজন ও পরিচিতদের অ্যাকাউন্টে ত্রাণ তহবিল থেকে টাকা স্থানান্তর করেন। এই দুর্নীতির পিছনে মোট ৩৭ জনের নাম উঠে এসেছে। তারমধ্যে ২০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সচিন দাহায়াতকে।
(Feed Source: zeenews.com)
