
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগ্নিগর্ভ পাকিস্তান। পরিস্থিতি এমনই যে, এবার বিক্ষোভের মুখে পড়লেন খোদ পাক প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারির মেয়ে আসিফা ভুট্টোর! ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাচ্ছিলেন আসিফা। তখন সিন্ধ ক্যানাল প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ চলছিল। খোদ প্রেসিডেন্টের মেয়েকেই রেয়াত করেননি বিক্ষোভকারীরা।জামশোরো টোল প্লাজ়ার কাছে তাঁর কনভয় থামানো হয়। কনভয় ঘিরে চলে বিক্ষোভ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে নিরাপত্তাবাহিনী। উত্তেজিত জনতাকে সরিয়ে আসিফার গাড়িটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জ়ারদারি এখন পাকিস্তানের প্রেসিডেন্ট। স্ত্রীর প্রয়াণের পর, প্রথা ভেঙে মেয়ে আসিফাকেই ‘ফার্স্ট লেডি’ ঘোষণা করেছেন তিনি।
পাকিস্তানের সিন্ধ প্রদেশে মরু এলাকার মধ্যে চোলিস্তান খাল প্রকল্পের কাজ শুরু করেছিল সরকার। কিন্তু এই প্রকল্প নিয়ে আপত্তি ছিল সরকারেরই বড় শরিক পাকিস্তান পিপল্স পার্টির (পিপিপি)। ফলে অগ্নিগর্ভ হয়ে ওঠে সিন্ধ প্রদেশ। আপাতত স্থগিত প্রকল্প। তবে বিক্ষোভে থামেনি এখনও।
(Feed Source: zeenews.com)
