হতাশ শশী, ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানে প্রাণহানি নিয়ে দুঃখপ্রকাশ কলম্বিয়ার !

হতাশ শশী, ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানে প্রাণহানি নিয়ে দুঃখপ্রকাশ কলম্বিয়ার !

নয়াদিল্লি : অপারেশন সিঁদুরে পাকিস্তানে যে প্রাণহানি হয়েছে তা নিয়ে দুঃখপ্রকাশ করেছে কলম্বিয়া। কলম্বিয়ার এই আচরণে হতাশা প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। কারণ, পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে জঙ্গিরা হত্যা করার জবাবে ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। ভারতের সশস্ত্র বাহিনীর এই প্রত্যাঘাতে কোনো নিরীহের প্রাণ যায়নি, তাতে জঙ্গিদের নিকেশ করা হয়েছে বলে বারবার জানিয়েছে ভারত। তারপরও কলম্বিয়ার এই অবস্থানে হতাশ কংগ্রেস সাংসদ। তিনি বলেন, “আমরা কলম্বিয়ান সরকারের প্রতিক্রিয়ায় একটু হতাশ। ওরা জঙ্গি হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানানোর পরিবর্তে, ভারতের প্রত্যাঘাতের জেরে পাকিস্তানে প্রাণহানি নিয়ে দুঃখপ্রকাশ করেছে।” প্রসঙ্গত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য যেসব প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গেছে, তাদের মধ্যে একটি দল গিয়েছে কলম্বিয়াতেও। সাংসদদের সেই দলেই রয়েছেন শশী।

তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ স্পষ্ট করে দিয়েছেন, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের খুনের ঘটনার পিছনে যে পাক-মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে, তা নিয়ে নয়াদিল্লির কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। শশী বলেন, “আমরা কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। পরিস্থিতি সম্পর্কে কলম্বিয়ার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পেরে আমরা খুবই আনন্দিত। কলম্বিয়া যেমন অনেক জঙ্গি হামলা সহ্য করেছে, তেমনি ভারতেও আমরা সহ্য করেছি। প্রায় চার দশক ধরে আমরা অনেক বড় সংখ্যক হামলা সহ্য করেছি।”

প্রসঙ্গত, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর পাকিস্তান এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তারা দু-দু’বার ভারতে যোগাযোগ করেছিল। যুদ্ধবিরতি চেয়ে নয়াদিল্লিতে দু’বার ফোন আসে ইসলামাবাদ থেকে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের এমনই খবর। এর মধ্যে একবার যোগাযোগ করা হয়েছিল ৭ মে সন্ধেয় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ে। সেই ফর্ম্যাল মেসেজ ছাড়াও যোগাযোগ করেছিল পাকিস্তান।

(Feed Source: abplive.com)