
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান হয়েই চলেছে। দায়ভার গিয়ে পড়ে বিএসএফের (BSF) উপর। তাই দারুণ বুদ্ধি এঁটেছে সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তরক্ষায় দায়িত্বে মৌমাছি (Bees)।
বাংলাদেশ সীমান্ত পাহাড়ায় এ বার সেই ব্যবস্থাই করছে বিএসএফ। সেনা জওয়ানদের পাশাপাশি, এ বার ‘প্রশিক্ষিত’ মৌমাছিদের সীমান্ত পাহাড়ায় কাজে লাগানোর কথা ভেবেছে তারা। নদিয়ায় ২২২ কিলোমিটার জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই গোটা এলাকাই এই ব্যবস্থা গড়ে তুলতে চাইছে বিএসএফ।
সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌ-বাক্স ঝুলিয়ে রাখা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ৪৬ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। তারাই এই বাক্স ঝুলিয়ে রেখেছে। এই বিষয়ে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছে, এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে।
বিএসএফের এই প্রকল্পকে বাস্তবায়িত করতে হাত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের’ আওতায় সীমান্তবর্তী এলাকায় মৌমাছি পালন এবং মধুর গুণগত মান পরীক্ষাকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছে ভারত সরকার।
এই প্রহরী মৌমাছিরা কী ভাবে এই কাজ করবে? বিএসএফ সূত্রে খবর, সীমান্তের কাঁটাতার নড়ে উঠলেই খাঁচা থেকে বেরিয়ে আসবে মৌমাছিরা। আক্রমণ করবে অনুপ্রবেশকারী কিংবা চোরাচালানকারীদের উপর। কাঁটাতার পেরিয়ে লুকানোর চেষ্টা করলেও তাঁদের ধাওয়া করবে তারা। এমন ভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
(Feed Source: zeenews.com)
