এক শিফটেই হবে পরীক্ষা, নিট পিজি-২০২৫ কবে? NBE-কে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এক শিফটেই হবে পরীক্ষা, নিট পিজি-২০২৫ কবে? NBE-কে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

প্রত্যাশা মতোই পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষা নিট পিজি। সুপ্রিম কোর্ট শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনকে বলে, এক শিফটে ৩ অগস্ট এই পরীক্ষা পরিচালনা করতে পারে তারা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ প্রাথমিকভাবে এনবিই-কে প্রশ্ন করেছিলেন, কেন এই পরীক্ষা করাতে দুই মাসের বেশি সময় চাইছে তারা। অবশেষে ৩ অগস্ট এই পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হল এনবিই-কে। শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য আর সময় দেওয়া হবে না এনবিই-কে।

এর আগে ১৫ জুন দুই দফায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্বচ্ছতার স্বার্থে সিঙ্গল-শিফটে এই পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই আবহে ১৫ জুনের পীক্ষা স্থগিত হয়। এদিকে এক শিফটে পরীক্ষা করাতে দুই মাসের বেশি সময় চেয়েছিল এনবিই। এনবিই যুক্তি দিয়েছিল যে শীর্ষ আদালতের ৩০ মে-র আদেশ অনুসারে পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত করতে হলে প্রায় এক হাজার পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন। এই আবহে এনবিই-র আবেদনে বলা হয়, ব্যবস্থাপনা যত ক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, তত দিন পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

এই আবহে শুক্রবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এনবিই-কে জানিয়ে দেওয়া হল, ৩ অগস্ট নিট পিজি আয়োজন করতে হবে। অর্থাৎ, আগের ঘোষিত দিনক্ষণ থেকে প্রায় ১ মাস ১৮ দিন পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। সুপ্রিম নির্দেশ মেনে পরীক্ষার নতুন বিশদ এবং অ্যাডমিট কার্ড বিতরণের ঘোষণা করা হবে শীঘ্রই। natboard.edu.in ও nbe.edu.in ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। প্রসঙ্গত, প্রতি বছরে মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/এমএস/পিজি ডিপ্লোমা/ডিএনবি-র জন্য নিট পিজি-র আয়োজন করা হয়। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমেই নেওয়া হয় নিট পিজি।

(Feed Source: hindustantimes.com)